শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ঐতিহাসিক সফর শেষ করে পৃথিবীর পথে নভোচারীরা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 9:07 pm

ঐতিহাসিক সফর শেষ করে পৃথিবীর পথে নভোচারীরা

চাঁদকে ঘিরে ঐতিহাসিক অভিযাত্রা শেষে পৃথিবীর পথে ফিরছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। দীর্ঘ এ যাত্রায় তারা বৈজ্ঞানিক সাফল্যের সঙ্গে ক্যামেরায় ধারণ করেছেন মহাকাশের দুর্লভ মুহূর্ত এবং দারুন সব ছবি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

চার সদস্যের এ দলে রয়েছেন মার্কিন নভোচারী রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার ও কানাডার জেরেমি হ্যানসেন। ২০২৮ সালে চাঁদে আবার মানুষ নামানোর প্রস্তুতির অংশ হিসেবে তারা পৃথিবীর এ উপগ্রহটি প্রদক্ষিণ করেন।

হিউস্টন থেকে এএফপি জানায়, তাদের তোলা আর্থসেট বা পৃথিবী-অস্তের একটি ছবি ইতোমধ্যেই বিশেষভাবে সাড়া ফেলেছে। চাঁদের রুক্ষ ও এবড়োখেবড়ো দিগন্তের আড়ালে তলিয়ে যাওয়া নীল পৃথিবীর সেই দৃশ্য যেন একইসঙ্গে নীরব, গভীর ও বিস্ময়কর! ছবিটি ১৯৬৮ সালের অ্যাপোলো-৮ মিশনের কিংবদন্তি আর্থরাইজ-এর অনুপ্রেরণায় ধারণ করা হয়েছে।

নাসা ও হোয়াইট হাউস প্রকাশিত ওই ছবিতে একদিকে নীলাভ পৃথিবী, অন্যদিকে চাঁদের নির্জন ধূসরতা আর মাঝখানে অসীম অন্ধকার মহাবিশ্বের সৌন্দর্য ও মানব অভিযানের তাৎপর্যকে নতুনভাবে তুলে ধরেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হিউস্টন মিশন কন্ট্রোলের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন নভোচারীরা। সেখানে তারা চাঁদের চারপাশে প্রায় ৭ ঘণ্টার পর্যবেক্ষণকালীন অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন।

নভোচারীদের উদ্দেশে আর্টেমিস-২ মিশনের প্রধান কেলসি ইয়াং বলেন, ‘আমাদের পুরো চন্দ্র বিজ্ঞানী দল এবং বৃহত্তর বৈজ্ঞানিক সমাজ আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। গতকাল আপনারা যা করেছেন, তা বিজ্ঞানের ইতিহাসে সত্যিই অনেক বড় অর্জন।

চাঁদ প্রদক্ষিণের সময় তারা পৃথিবী থেকে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া উপকূলের প্রশান্ত মহাসাগরে তাদের অবতরণের কথা রয়েছে। এছাড়া পৃথিবীতে ফেরার পথে তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অবস্থান করা সহকর্মীদের সঙ্গেও কথা বলেছেন। পাশাপাশি, আজ রাতে তারা তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগের সুযোগ পাবেন বলে জানিয়েছে নাসা।

এদিকে, চাঁদের পৃষ্ঠের অত্যন্ত নিখুঁত বর্ণনা দিয়েছেন নভোচারীরা। এমনকি তারা সূর্যগ্রহণেরও সাক্ষী হয়েছেন। চন্দ্রপৃষ্ঠে উল্কাপাত বা আলোর ঝলকানি দেখার কথাও জানিয়েছেন তারা।

এর আগে, সোমবার (৬ এপ্রিল) নভোচারীদের অভিনন্দন জানান নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নভোচারীদের ‘আধুনিক যুগের অগ্রদূত’ এবং ‘সাহসী’ বলে অভিহিত করেন ট্রাম্প।

নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল এখন ‘ফ্রি-রিটার্ন ট্র্যাজেক্টরি’তে পৃথিবীর দিকে ফিরে আসছে। সমুদ্রে অবতরণের আগে এটি এ পথেই এগোবে।

নাসা প্রশাসক আইজ্যাকম্যান জানিয়েছেন, নভোচারীদের উদ্ধারকারী জাহাজটি ইতোমধ্যে বন্দর ছেড়ে নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দিয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

The Daily Sarod |