শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কোটাসংস্কার আন্দোলন এবং আমার ভাবনা

মোহাম্মদ মাসুদ উর রহমান    প্রিন্ট
রবিবার, ১৪ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 10:44 pm

কোটাসংস্কার আন্দোলন এবং আমার ভাবনা

কোটাসংস্কার আন্দোলন এখন বাংলা ব্লকেড আন্দোলন নামে বলা যায় সারা দেশেই ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনটির সাথে জড়িয়ে গেছে  মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা শব্দ দুটি।

কিন্তু শব্দ দুটির প্রতি আমার বিশেষ দুর্বলতা থাকায় কোটাসংস্কার আন্দোলন নিয়ে কিছু লিখব কি লিখব না এমন দ্বিধায় কেটে গেছে অনেকদিন। এই কয়দিন টকশোতে সাংবাদিক,বুদ্ধিজীবী এমনকি মন্ত্রী এমপি সহ সমাজের বিশিষ্টজনের  বক্তব্য শুনেছি। কথা বলার সময় মন্ত্রী এমপিরা শুরুতেই বলে নিয়েছেন এ আমার নিজস্ব মতামত সরকারের মুখপাত্র হিসেবে বলছি না — অনেকের কথার মধ্যে বিব্রতবোধ পরিলক্ষিত হয়েছে। বর্তমান বাস্তবতায় কোটা ব্যবস্থার যে সংস্কার প্রয়োজন সেটি তাঁদের অনেকেই একবাক্যে স্বীকার করেছেন। শেষ করেছেন এইভাবে যে কোটা ব্যবস্থার লাগাম টানা উচিত তবে মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধাদের সম্মানের  বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। এই যে শুরুতেই বলেছিলাম ব্যবস্থাটির সাথে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা শব্দ দুটি যুক্ত থাকায় সরকার এবং সরকারি দলের অনেকেই কিন্তু নির্মোহ দৃষ্টিতে মতামত ব্যক্ত করতে পারছেন না ।

কোটাব্যবস্থা পৃথিবীর অনেক দেশেই বিদ্যমান। যুদ্ধোত্তর বাংলাদেশে কোটা প্রথাটা আর বেশি আবশ্যক ছিল তৎকালীন প্রেক্ষাপটে।  সেজন্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে অন্তর্বর্তীকালীন সিদ্ধান্তে কোটা প্রথার প্রচলন করেন।    শুরুতে প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ২০ শতাংশ মেধা এবং বাকি ৮০ শতাংশ জেলা কোটা রাখা হয়। এই ৮০ শতাংশ জেলা কোটার মধ্য থেকে৩০শতাংশ কোটা মুক্তিযোদ্ধা
এবং ১০শতাংশ কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়। তখন মুক্তিযোদ্ধারা ছিলেন একটা সুবিধাবঞ্চিত শ্রেণি এবং দেশের জন্য  জীবনের একটা বছর নষ্ট করেছেন। এবং তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রমিক-কৃষক; মানে গণ-শ্রেণির মানুষ, মধ্যবিত্ত,ছিলেন ছাত্র-যুবারাও। তাঁরা যে খুব ধনী লোকের সন্তান ছিলেন, তা কিন্তু নয়। সেই সময়ের মুক্তিযোদ্ধারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তখন কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাও সেভাবে ছিল না। কাজেই  তখনকার পরিপ্রেক্ষিতে সাংবিধানিকভাবে মুক্তিযোদ্ধা কোটা যে  ঠিকই ছিল তা কিন্তু সবাই একবাক্যে স্বীকার করে। ফলশ্রুতিতে ৩০ শতাংশ কোটা নিয়ে তখন কেউই আপত্তি করেনি।

৭৫ এর পর দীর্ঘ ২১ বছর জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার শাসনামলে ৩০% কোটা ছিল নামমাত্রে। প্রয়োগ ছিল না বললেই চলে,উল্টো  হয়রানির শিকার হতে হয়েছিল  মুক্তিযোদ্ধা তথা মুক্তিযোদ্ধার সন্তানদের যা আমরা বিভিন্ন টকশোর আলোচকদের মুখে এখন শুনছি। ২০০১ থেকে ২০০৬ এই সময়ে বিসিএসে অনেক অনিয়ম হয়েছে। আমার মনে আছে বিএনপির মুখপত্র বলে পরিচিত “আমার দেশ পত্রিকা”য়  সম্ভবত ২০০৫ সালে প্রথম পাতায় একটি কার্টুন ছাপা হয়েছিল যেখানে টেবিলের এক প্রান্তে নিয়োগকারী কর্মকর্তা এবং অন্য পাশে (বিসিএস) চাকরি প্রার্থী। প্রার্থী টেবিলের নিচে থাকা রেল দিয়ে টাকার ব্রিফকেস দিচ্ছে আর ওপর দিয়ে কর্মকর্তা দিচ্ছে নিয়োগপত্র। ২৪তন বিসিএস ভাইভার আগে ৫ লাখের প্রস্তাব এসেছিল আমার কাছেও। কিন্তু পাঁচ লাখ তো তখন আমার কাছে ৫ কোটিরও বেশি টাকা। তবে শুনেছি পরিচিত দু’চারজন দিয়েছে এবং যথাক্রমে ২৪ তম এবং  ২৫ তম বিসিএসে নিয়োগ লাভ করেছে। এখন শুনছি প্রশ্ন ফাঁসের মাধ্যমেও অনেকর নিয়োগ হয়েছে। কাজেই বিদ্যমান ৫৬ পার্সেন্ট কোটা এবং এই দুই প্রক্রিয়ায় যদি আরও ২০ পার্সেন্টও নিয়োগ হয়ে থাকে তাহলে মেধাবীদের জন্য বাকি থাকে আর কত পারসেন্ট? অবশিষ্ট ২৪ পারসেন্টে যাঁরা নিয়োগ লাভ করেছে তাঁরা আসলেই অদম্য মেধাবী। স্যালুট না জানিয়ে পারছি না।

২০০৮ এর পর পিএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনেক সংশোধনী আনে। এখন তো চাইলে খাতা পুনর্মূল্যায়নও করা যায়। তুলনামূলক স্বচ্ছ হওয়ায় আস্থা ফিরেছে প্রার্থীদের মধ্যে। এরপর আসলো ভাইভাতে যেতে পারলেই অন্তত নন ক্যাডারে নিয়োগ পাওয়ার বিধান। আমার মতে এই বিধানটি খুবই ভালো হয়েছে। আমাদের সময়ে এই নিয়মটি থাকলে, অন্তত নন-ক্যাডারতো হতে পারতাম!

এই সুন্দর বিধানের জন্যই বিসিএসের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হতে থাকে মেধাবীরা। বলা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরু থেকেই তারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। বলতে দ্বিধা নেই যে আমিও আমার অনেকছাত্রকে ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্টে দীর্ঘ সময়ে ল্যাবে ব্যস্ত থেকে পড়াশোনা না করে তুলনামূলক সহজ সাবজেক্টে অনার্স করে বিসিএস টার্গেট করে পড়ার উপদেশ দিয়েছি। ভালো সাবজেক্ট পড়ে কী লাভ– সবার আল্টিমেট গোল তো আসলে সোনার হরিণ নামক বিসিএস! কিন্তু সেই তীব্র প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হয়ে যখন দেখল মুক্তিযোদ্ধার নাতি-নাতনীরা সেই ৩০% কোটায় ভাগ বসানোয় প্রকৃত মেধাবীরা বঞ্চিত হতে শুরু করলো তাও আবার অধিকাংশ মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত তখনই সমস্যা তৈরি হতে থাকল।

বঙ্গবন্ধু ৭২ এ কোটা চালু করেছিলেন বাস্তবতার নিরিখে। কিন্তু কোটা কত দিন পর্যন্ত চলবে এবং কয় প্রজন্ম থাকবে। সে সম্পর্কে কিছু বলে যাননি বলেই আজকের এই অবস্থা। আমাদের এক পক্ষের যুক্তি হচ্ছে কোটা বাদ দিলে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হবে। অপরপক্ষের যুক্তি হচ্ছে মুক্তিযুদ্ধই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে কাজেই কোটা প্রথা চালু রেখে মেধাবীদের সাথে তো এক ধরনের বৈষম্যই করা হচ্ছে – যা মুক্তিযুদ্ধের চেতনার সাথে অবশ্যই  সাংঘর্ষিক।

তবে চলুন এবার কোটার সংজ্ঞায়ন করি। কোটা কি, কেন, এবং কাদের জন্য প্রযোজ্য? কোটা হচ্ছে বৈষম্যপূর্ণ সমাজের জন্য। রাষ্ট্রের ভাবনাটা ছিল এরকম যে, “সমাজের এই অংশটি যেহেতু জীবন যুদ্ধে পরাজিত, প্রতিযোগিতায় অক্ষম, আপেক্ষিকভাবে পশ্চাৎপদ। তাহলে তাদের কোটার আওতায় এনে কিছু সুযোগ-সুবিধা দিলে তারা টিকে থাকবে। উপরন্তু  জীবনসংগ্রামে পরাজিত হয়ে মৃত্যু অনিবার্য—এ রকম হতাশা থেকে তারা মুক্তি পাবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে রাষ্ট্রের এই ভাবনাটা প্রথমে মুক্তিযোদ্ধা এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের প্রতি প্রযোজ্য — এই পর্যন্ত ঠিক ছিল। প্রথমে মুক্তিযোদ্ধারা  কোটার সুবিধা পেয়ে কিছুটা অগ্রসর হয়েছে। পরবর্তীতে তাদের সন্তানরাও যখন এই সুবিধা পেয়েছে কাজেই তারা কোনোভাবেই আর অনগ্রসর জাতি গোষ্ঠী নয়। আর এই বিবেচনাতেই বর্তমান প্রজন্ম মুক্তিযোদ্ধার নাতি নাতনিরাও ৩০% কোটা ভোগ করুক এই সত্যটি মানতে পারছে না। আর এই  মানতে না পারাতেই কোটার পক্ষের অংশ মনে করছে এতে মুক্তিযোদ্ধাদের অবমাননা হচ্ছে। ফলশ্রুতিতে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের এ বিষয়ের পক্ষে বিপক্ষে কথা বলতে গেলেই অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে।

 আমার ধারণা, প্রকৃত মুক্তিযোদ্ধারা তো ভবিষ্যতে বাড়তি সুযোগ-সুবিধা পাবেন বলে মুক্তিযুদ্ধে যাননি। নিজেদের আত্মরক্ষা এবং দেশের প্রতি অঙ্গীকারের কারণে যুদ্ধে গিয়েছিলেন। সেজন্য  রাষ্ট্র তাঁদের সুযোগ সুবিধা দিয়েছে, জাতিও বিনম্র শ্রদ্ধায় মুক্তিযোদ্ধাদের সম্মান করে, স্মরণ করে এবং সমীহ করে মুক্তিযোদ্ধাদের উত্তর প্রজন্মকেও। আমার মনে হয় বিষয়টি এ পর্যন্তই থেকে যাওয়া ভালো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেন কোটা বিরোধী আন্দোলনকারীদের সব আক্রোশ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। আমার মত হচ্ছে কথাটি সত্যি নয়। বরং আন্দোলনকে পাত্তা না দিয়ে,উল্টো আন্দোলনকারীদের বিষাদগার করে  নাতি নাতনিদের প্রতি আক্রোশ তৈরি করতে সাহায্য করছে একটা শ্রেণি। অনেকে যুক্তি দেখিয়েছেন যে গত কয়েকটি বিসিএসে কোটা ৩০% হলেও মুক্তিযোদ্ধাদের সন্তান পাওয়া গেছে ৮%!  এটি এজন্য যে চাকরিতে প্রবেশের বয়স সীমায় এখন কোন মুক্তিযোদ্ধার সন্তান বেশি অবশিষ্ট নেই।

মুক্তিযুদ্ধে যাঁরা অংশগ্রহণ করেছে  তাঁদের প্রতি স্বাধীনতা বিরোধী চক্র ছাড়া,অন্যদের শ্রদ্ধা অশেষ-অসীম। তাঁদের সুযোগ সুবিধা প্রাপ্তিতেও কারোর গা জ্বলে না। গা জ্বলে মুক্তিযুদ্ধের সময় বিপরীত ভূমিকায় থেকেও আজ যারা মুক্তিযোদ্ধা সেজেছে তাদের দেখে। খালি গায়ে,লুঙ্গি পড়ে যাঁরা কেবল প্রাণের আবেগকে অস্ত্র বানিয়ে জীবনের মায়া তুচ্ছ করে যুদ্ধ করেছে সেই তাঁরা, আর যারা যুদ্ধ না করেও একই সুযোগ-সুবিধা পাচ্ছে এমনকি মৃত্যুর পর পতাকাশোভিত গার্ড অব অনার পাচ্ছে বা পাবে সেটি প্রকৃত মুক্তিযোদ্ধাকে যেমন বিচলিত করে, তেমনি মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে লালন করে তাদেরও খুব কষ্ট হয়।

এই ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটটি বর্তমান বাস্তবতায় স্ট্যানগানের চাইতেও বেশি শক্তিশালী। অর্থ,ক্ষমতা আর রাজনীতি — এই ত্রয়ী শক্তিতে বলিয়ান হয়ে ভুয়া মুক্তিযুদ্ধারা দিনদিন  বেপরোয়া হয়ে উঠছে। তারা যে ভুয়া মুক্তিযোদ্ধা এই কথাটা সবাই জানে কিন্তু বলার সাহস কেউ রাখে না। বিপরীতে প্রকৃত মুক্তিযোদ্ধার নাতি নাতনীরাও কোটা সুবিধা পেতে পারে না কেননা কোটাপ্রার্থী কিন্তু গাণিতিক হারে বাড়ে না,বাড়ে জ্যামিতিক হারে।
কাজেই ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে না পারলে নাতি নাতনির সংখ্যা  কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছেন ? নাতি-নাতনীরা কেবল চাকরিতে প্রবেশের বয়সসীমায় উঠে আসতে শুরু করেছে। আমার জানামতে একজন মুক্তিযোদ্ধার ৭ সন্তান ছিল এবং তারা প্রত্যেকেই কোটার আওতায় সরকারি চাকরি করছে এবং চারজন বড় পদে। প্রত্যেকের যদি দুজন করেও সন্তান ধরি তাহলে নাতি নাতনি হিসেবে কোটা প্রার্থী দাঁড়ায় ১৪ জন তার মানে হচ্ছে একজন যুদ্ধ করায় সুবিধাভোগী দাঁড়িয়েছে ২১ জনে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের চাওয়ার ভিত্তিতে সরকার যদি ৩০% কোটা বহাল রাখে তাহলে এই নাতি নাতনিদের যদি  সুবিধা বঞ্চিতরা অসচ্ছল,পিছিয়ে পড়া, অনগ্রসর জাতি-গোষ্ঠী হিসেবে ভবিষ্যতে খোঁটা দেয় তাহলে সেটি কি মুক্তিযোদ্ধাদের প্রজন্মের কাছে খুব সুখকর হবে!  বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে হবে। সঠিক ভাবনার উদয় হোক সব পক্ষের।

লেখক:
সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।

Facebook Comments Box

Posted ১০:৪৪ পিএম | রবিবার, ১৪ জুলাই ২০২৪

The Daily Sarod |