জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট : 10:01 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রীল ভেঙে আরজু মিয়া (২৪) নামে মাদক সহ আটক এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এক উপপরিদর্শক ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (০২ জুলাই) বিকেল ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্তরা হলেন, আখাউড়া থানার উপপরিদর্শক (এস.আই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগম।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তখন দায়িত্বপ্রাপ্ত থানার ডিউটি অফিসার ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের দায়িত্বে অবহেলার কারণে প্রাথমিক অবস্থায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
আখাউড়া থানা সূত্রে জানা যায়, সোমবার (১ জুলাই) সকালে পুলিশ ফাঁড়ির পুলিশ মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানে স্থানীয় ওসমান মিয়ার বাড়ির সামনে থেকে আরজু মিয়া নামের একজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। বেলা সাড়ে এগারোটায় নিয়মিত মাদক মামলা দিয়ে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়। থানায় নিয়ে গিয়ে আরজু মিয়াকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়। এই অবস্থা সে ওই কক্ষের জানালার গ্রীল ভেঙে বেলা দুইটার দিকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে পুলিশ আরজু মিয়াকে ধরতে অভিযানে নেমেছে।
Posted ১০:০১ পিএম | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya