আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 9:39 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কল্লা শহীদ (র.) বার্ষিক ওরসে এসে ট্রেনের কাটা পড়ে ৪জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট বাইপাস রেলপথের খরমপুর মাজার শরীফ সংলগ্ন রেল সেতু পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী জেলার মাধবদি উপজেলার নোয়াকান্দি গ্রামের গাজী মিয়ার পুত্রে শুকুর মিয়া (৬০), একই জেলার পলাশ উপজেলার মোতালেব মিয়ার পুত্র মোজাম্মেল (২০), নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার চিলকান্দি গ্রামের তমিজ উদ্দিনের ছেরে মতি ভূইয়া (৫৫)। অপর ১ জনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আমিরুল ইসলাম নামে আহত একজনকে উদ্ধার করে রাতেই আখাউড়া হাসপাতালে পাঠায় পুলিশ। শুক্রবার সকালে তার স্বজনরা এসে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত্র থেকে আখাউড়া পৌরশহরের খড়মপুর কল্লা শহীদ (র.) ৭ দিন ব্যাপী বার্ষিক ওরস শুরু হয়েছে। মাজার এলাকায় বসিয়েছে অতিরিক্ত দোকানপাট। রাস্তার দু’পাশে দোকানের কারণে হাটার মত জায়গা নাই। এতে মাজারে আসা ভক্ত-আশেকানের চলাচলের খুব কষ্ট হয়। নারী-শিশু ও বৃদ্ধদের চলাচল করতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়।
ওরসের প্রথমদিনে মূল সড়কে যানযট থাকায় রাত সাড়ে ৮টার দিকে মাজারের পশ্চিম পাশে রেললাইন দিয়ে মাজার রওয়াজার দিকে যাচ্ছিল ভক্ত আশেকানরা। এতে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন হঠাৎ দেখে আত্মরক্ষা করতে কয়েকজন ভক্ত-আশেক পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য রাতেই দুটি মরদেহ উদ্ধার করে। শুক্রবার ভোর সাড়ে ৫টা এবং দুপুর ১২টার দিকে আরও দুটি মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যদর্শী বলেন, ট্রেনটি সেতুর কাছাকাছি এসে হুইসেল দেওয়ায় লাইন দিয়ে মাজারের দিকে যাওয়া লোকজন রেলসেতু পাড় হতে পারেননি। ফলে তারা পানিতে ঝাপ দিয়ে আত্মরক্ষা করতে চেয়েছিল। তাদের ভাষ্যমতে, যেহেতু ওরসের সময় রেললাইন দিয়ে মানুষের চলাচল বেশি হচ্ছে, এখানে পুলিশ-মাজার কমিটি যদি সার্বক্ষনিক তদারকি করার ব্যবস্থা করতো তাহলে হয়তো এত বড় দূর্ঘটনা ঘটতো না।
মাজারে আসা আরিফ নামের এক ভক্ত বলেন, এমনিতে প্রতি বৃহস্পতিবার কেল্লা শহীদ (র:) মাজারে লোক সমাগম বেশি হয়। ওরসে সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকানরা আসেন। এসময় লোকসমাগমের কারণে সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর। অনেকেই রেললাইন হয়ে মাজারে যায়। রেললাইনেও লোকে-লোকারন্য হয়ে যায়। তাই রেললাইনে সতর্কতার জন্যে পুলিশের পাশাপাশি মাজার কমিটির স্বেচ্ছাসেবক রাখা প্রয়োজন।
নিহত শুক্কর আলীর ছোট ভাই সামসুল হক বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নদী পথে নৌকা দিয়ে ৪০/৪৫ জন লোক খড়মপুর আসেন। মাজারের পশ্চিমে রেললাইনের পাশে নৌকা রেখে তারা কয়েকজন পায়ে মাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসলে ট্রেনের ধাক্কা খেয়ে পানিতে পরে যায়। এরমধ্যে আমার ভাইও ছিলেন। পরে তার লাশ দেখে সনাক্ত করি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার দাবি করেন, রেললাইনে পুলিশ ছিল। মাজার শরীফে আসা লোকজন রেলসেতু পারাপারের সময় পারাবত এক্সপ্রেস ট্রেন আসে, সেখানে কর্তব্যরত পুলিশ জনগণকে সতর্ক করে হুইসেল দেয়। লোকজন তাড়াহুড়া করে পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পড়ে নিহত হয়। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস নদী থেকে ২টি মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার ভোরে এবং দুপুরে আরও ২টি মরদেহ উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে দুইজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, বৃহস্পতিবার রাতে ২টি এবং শুক্রবার ২টি মরদেহ উদ্ধার করেছি। এখনও খোঁজাখুজি চলছে।
উল্লেখ্য, খরমপুর মাজার শরীফে সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
-আশরাফুল মামুন
Posted ৯:৩১ পিএম | শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya