জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ৩০ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:44 pm
ব্রাহ্মণবাড়িয়ায় শহরের একটি বিপনি বিতানের দুটি দোকান থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল চুরির ঘটনায় ৪দিনেও কোন ক্লু পায়নি পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে জেলা শহরের প্রধান সড়কের কালিবাড়ি মোড়ে এলআর প্লাজায় ‘মোবাইল মেলা’ নামের দুটি দোকানে এই ঘটনা ঘটে।
এদিকে, গত ৪দিনেও নিজের প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া দেড় কোটি টাকা মূল্যের মোবাইল গুলো না পেয়ে হতাশ হয়ে পড়েছেন মোবাইল মেলা’র মালিক মোবারক হোসাইন জিসান। আজ রোববার (৩০ জুলাই) দুপুরে তিনি তার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন।
জিসান তার ফেসবুক লাইভে বলেন, আল্লাহতালা যা করেন নিশ্চয় কোন ভালোর জন্যে করেন। সব কিছু বোঝা সহজ কিন্তু মেনে নেওয়া কঠিন। আমার প্রশাসনিক বন্ধুবান্ধব বেশি। আমার জোর আবদার থাকবে আপনারা তৎপর৷ হয়ে কাজ করবেন। আমার চোর দরকার, যেটা ক্ষতি হয়েছে তার দরকার নাই। আমি যেহেতু পরিশ্রম করতে জানি, তা কাটিয়ে উঠার চেষ্টা করবো। আমার পরিবারের সাপোর্ট আছে। তিনি বলেন, যেদিন থেকে বুঝতে শিখেছি, আমি জানা মতে কারো কোন ক্ষতির কারণ হয়নি। আমি ক্ষুদ্র মানুষ, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি উপকার করার চেষ্টা করি। আমার ক্ষতিটা যে করেছে আমি চাই এটা জনসম্মুখে আসুক, মানুষ তাকে চিনুক-জানুক এই কালপ্রিট গুলো কারা। তিনি আরও বলেন, তারা যে মোবাইল গুলো নিয়ে গেছে, এগুলো নাকের কাছে নিলে শুকলে আমার ঘামের গন্ধ পাবে। কিভাবে এই প্রতিষ্ঠান হয়েছে সেটা আমি জানি। তিল তিল করে পরিশ্রমে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। সবাই দোয়া করবেন অন্তত যেন চোরটাকে সনাক্ত করতে পারি। আমার চোর দরকার, মালের দরকার নাই। চোরটা আমার দ্বারপ্রান্তের কেউ, নাহলে সেদিন কেউ জানতো না আমি ঢাকায়।
এই বিষয়ে ব্যবসায়ী মোবারক হোসাইন জিসান বলেন, ‘প্রশাসন থেকে আমার সাথে বার বার যোগাযোগ করছে। কিন্তু এখন পর্যন্ত কোন আশার আলো দেখিনি। প্রশাসনের কাছে আমার জোর আবদার, আমার মালের দরকার নেই, চোরটাকে এনে দিন।’
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি। এই ঘটনায় মামলা দায়েরের পর থেকে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে। ঘটনার পর আমরা সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন দিক পর্যালোচনা করে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী এই চুরির ঘটনায় রহস্য উদঘাটন হবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে কোন এক সময় এলআর প্লাজার মোবাইল মেলা দোকানের ভেতরে ঢুকে চোর। তারা দামি ব্র্যান্ডের ২০০ শতাধিক মোবাইল চুরি করে নিয়ে যায়। এরমধ্যে আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১৩, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল ৭ প্রো, অপোর বিভিন্ন মডেলের, ভিভোর বিভিন্ন মডেলের, শাওমি বিভিন্ন মডেলের, ওয়ান প্লাস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের, স্যামসাংয়ের, স্যামসাং ফোল্ড-৩ মডেলের, ফোল্ড-৪ মডেলের, ফ্লিপ-৩ মডেলের ও ফ্লিপ-৪ মডেলের মোবাইল রয়েছে। তবে তুলনামূলক কম দামের মোবাইল গুলো রেখে গেছে চোরের দল।
Posted ৯:৪২ পিএম | রবিবার, ৩০ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya