সুমন রায়
প্রিন্ট
শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:33 pm
পর্যটন শহর রাঙামাটির কাপ্তাইয়ে ভোরের আলো ফোঁটার আগেই জড়ো হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা ২শত ম্যারাথন প্রতিযোগী। নারী, পুরুষ, শিশু এবং ৬০ বছর বয়সী প্রতিযোগীও ছিল এই দলে। উদ্দেশ্যে ১০ কি. মি. এবং হাফ ম্যারাথন ২১ দশমিক ১ কিঃ মি দৌড়ে অংশ নিবেন তারা।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটে কাপ্তাই উপজেলার শিলছড়ি ৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে কাপ্তাই সড়ক হতে প্রথমে হাফ ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নেন ৭০ জন প্রতিযোগী। এই দলটি কাপ্তাই সড়ক ধরে বালুচর প্রশান্তি পার্ক, চিৎমরম ঘাট, লগগেইট, বিএসপিআই, কাপ্তাই শিল্প এলাকা হয়ে নেভী রোড ধরে কাপ্তাই নেভী স্কুল এন্ড কলেজ প্রান্ত ছুঁয়ে ফিনিসিং প্রান্ত কাপ্তাই শিলছড়ি ৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এসে শেষ হয়।
হাফ ম্যারাথন (২১ দশমিক ১ কিঃমিঃ) দৌঁড়ে চ্যাম্পিয়ান হন ব্রাক্ষণবাড়িয়া সরকারি কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক ৩৩তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের সদস্য মোহাম্মদ রাজন মিয়া। তিনি সময় নেন ১ ঘন্টা ২৬ মিনিট ।
প্রতিযোগিতা শেষে মোহাম্মদ রাজন মিয়া অনুভুতি ব্যক্ত করে বলেন, আমি ২০১৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববদ্যালয়ের সেরা এ্যাথলেট ছিলাম। আবার ২০২১ সালে এসে দৌঁড় শুরু করি।
তিনি আরো বলেন, জীবনকে যাপন করার জন্য, সুন্দর থাকার জন্য, তারুণ্য দীপ্ত কর্মঠ থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং ডাক্তারের কাছে না যাবার জন্য দৌঁড়ায়। অপরদিকে ১০ কি. মি. ম্যারাথন দৌড়ে অংশ নেন ১শত ৩০ জন প্রতিযোগী। এই দলেও নারী, পুরুষ এবং শিশুও রয়েছে। সকাল ৬টা ৪৯ মিনিটে আনসার ক্যাম্প হতে দৌঁড় শুরু করে এই দলের সদস্যরা। কাপ্তাই সড়ক ধরে তারা কাপ্তাই জাতীয় উদ্যান, প্রশান্তি পার্ক, চিৎমরম বাজার ঘাট পার হয়ে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট হয়ে আবারও শিলছড়ি আনসার ক্যাম্পে এসে তাদের দৌঁড় শেষ করে। এই বিভাগে ৩৯ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথম রানার আপ হন ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া হতে আসা মঈনুল আহমদ ।
উল্লেখ্য, চেইজ ট্র্যাক কর্তৃক আয়োজিত “চেইজ কাপ্তাই হাফ ম্যারাথন” নামে এই প্রতিযোগিতা শুক্রবার (২৪ ডিসেম্বর) পর্যটন শহর কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়। এইবারের ইভেন্টের শ্লোগান ছিল “সেইভ ওয়াইল্ড লাইফ, সেইভ নেচার। আয়োজক সংস্থা চেইজ ট্র্যাকের কর্ণধার নাজিম শাহেদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে তাদের এই আয়োজন। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ যাতে নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় করে তোলে এসব ইভেন্টের মাধ্যমে। কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার লক্ষ্যে এই ইভেন্টের শ্লোগান ছিল “সেইভ ওয়াইল্ড লাইফ, সেইভ নেচার”।
প্রতিযোগিতা শেষে শিলছড়ি আনসার ক্যাম্প মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে প্রাইজমানি বিতরণ করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন, জে কে লাইফ স্টাইল এর জনক ডা. মোঃ জাহাঙ্গীর কবির, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
Posted ৭:১৯ পিএম | শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya