স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 11:16 am
ব্রাহ্মণবাড়িয়ায় নিজের আবাসিক প্রকল্পে যেতে অন্যের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এনিয়ে আদালতে মামলা করা হলে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দখল অব্যাহত রেখেছেন। এই বিষয়ে থানায় একাধিকবার অভিযোগ দেওয়া হলেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী। সরেজমিনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামে গিয়ে দেখা যায় এমন চিত্র।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৭ সালে সদর উপজেলার উলচাপাড়ার সহিদ মিয়া সুরিয়াখোলা মৌজায় ৩৭শতাংশ নাল ভূমি ক্রয় করেন। যার বি.এস ১৯৭নং খতিয়ানে সাবেক সে.মে. ২৫০ দাগে হালে ২৯৯নং দাগ। ২০১৫ সালের সহিদ মিয়া মৃত্যুবরণ করেন। এরপর এই জায়গার মালিক সহিদ মিয়ার স্ত্রী, ৪ছেলে ও দুই মেয়ে। এই জায়গার পাশের বাড়ি রোকন উদ্দিন নামের এক ব্যক্তি আশপাশের জায়গা-জমি কিনে মাটি দিয়ে ভরাট করে প্লট আকারে হাউজিং প্রকল্প শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারীর ৬ তারিখে রোকন উদ্দিন মৃত সহিদ মিয়ার ওয়ারিশদের ৩৭শতক জায়গা দখল করার চেষ্টা করেন রোকন উদ্দিন, কিন্তু তা স্থানীয়দের সহায়তায় ব্যর্থ হয়। তবে এই জায়গার উপর দিয়ে জোরপূর্বক রোকন উদ্দিন তার হাউজিং প্রকল্পের রাস্তা নির্মাণ করে। এই ঘটনায় সহিদ মিয়ার ছেলে আবু সায়েম বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করতে মামলা দায়ের করেন। আদালত সদর মডেল থানাকে তদন্ত করে রিপোর্ট প্রদান করতে আদেশ দেন। পুলিশ তদন্ত রিপোর্ট দেওয়ার পর আদালত আসামী রোকন উদ্দিনকে গত ৪ এপ্রিল আদালতে হাজির হতে নোটিশ জারি করেন। কিন্তু লকডাউনের কারণে ওই তারিখে আদালতের না বসায় পরবর্তী হাজিরের তারিখে দিন ধার্য করার অপেক্ষায় রয়েছে। এর আগে আদালতে মামলা দায়ের করায় রোকন উদ্দিন বাদি আবু সায়েমকে হুমকি দেন। হুমকির প্রেক্ষিতে সায়েম থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চেষ্টা করেও সমাধান করতে পারেননি।
এই বিষয়ে ভুক্তভোগী মামলার বাদি আবু সায়েম বলেন, ‘স্থানীয় সাবেক এক চেয়ারম্যান সহ আরও কয়েকজন রোকন উদ্দিনের পক্ষে কাজ করছেন। তারা প্রভাবশালী হওয়ায় আমাদের জায়গা দখল নিতে চাচ্ছেন। আমি ন্যায় বিচার চাই’।
স্থানীয় ইউপি সদস্য সফিউল্লাহ বলেন, ‘এই জায়গার বিরোধ নিয়ে উভয় পক্ষ সার্ভেয়ার এনে একসাথে মাপযোক করেন। তখন দুই পক্ষই মেনে নেন। কিন্তু এর একদিন পরই রোকন উদ্দিন বলেন, তার সার্ভেয়ার ভুল করেছে। তাই পুনরায় জায়গা মাপা হবে। কিন্তু সায়েম আর আসেননি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন’।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, ‘অভিযোগ দেওয়ার পর তদন্তের ভার আমাকে দেওয়া হয়। আমি স্থানীয় বর্তমান ও সাবেক চেয়ারম্যানকে নিয়ে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করি কিন্তু উভয় পক্ষই যার যার অবস্থানে অটল রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি’।
অভিযুক্ত রুকন উদ্দিন বলেন, ‘আমি কারো জায়গা দখল করে রাস্তা তৈরী করি নাই। যদি দখল করে থাকি মাফযোগ করুক। উল্টো সে আমার জায়গা দখল করে রাখছে’।
Posted ১১:১৬ এএম | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya