অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 8:03 pm
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হলেও এবং অন্তর্বর্তী সরকার এলেও তখন ‘কালো শক্তি’ সক্রিয় হয়ে উঠেছিল৷ তিনি বলেন, ‘‘৫ আগস্টের পরে কী হলো আপনারা জানেন৷ ইউনূস সরকার ছিল৷ আমি শিল্পকলার সামনে থাকি৷ সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালন গীতি হতে পারেনি৷ সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল৷’’
মুক্তিযোদ্ধা এবং বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, ‘‘এ বাংলায় শুধু বেলি-চামেলি আর জুঁই ফুল ফোটে না, রক্ত জবাও ফোটে৷ এ দেশে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও থাকে৷’’ তিনি বলেন, ‘‘যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এই দেশে জয়লাভ করতে পারবে না৷ আমি চ্যালেঞ্জ করে বললাম৷’’
তিনি আরো বলেন, ‘‘আমার বক্তব্যের পরে তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই? বিরোধী দলে যারা বসে আছেন, অনেকেই আমাকে “ফজা পাগলা” বলে ডাকে, তারা নাকি সভ্য৷ বিরোধী দলের নেতা বলেছেন উনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন৷ এটা ডাবল অপরাধ৷’’ তার মতে, ‘‘মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন জামায়াত করতে পারে না৷ আর শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ৷’’
এরপর ২০২৪ সালের ৫ আগস্টের পরে ‘‘সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল’’ উল্লেখ করে তিনি বলেন, ‘‘তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই৷ সাতচল্লিশ হয়েছে, আর চব্বিশে যুদ্ধ হয়েছে৷ আর গন্ডগোল হয়েছে৷ সেদিন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলেছিলাম, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে৷ এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ সত্য, ৩০ লাখ লোক জীবন দিয়েছে৷’’
বর্ষীয়ান এ রাজনীতিবিদ আরো বলেন, ‘‘আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য৷ সেদিনের জন্য আমি পুলিশকে ধন্যবাদ দেবো, মিলিটারিকে ধন্যবাদ দেবো৷ ১০ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য৷’’
‘‘অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে’ মন্তব্য করে ফজলুর রহমান বলেন, ‘‘ইলেকশনে তারা কী করেছে, আজকে যারা আমার ডানদিকে বসে আছে তারা কী করেছে? আমরা তো ভাই ছিলাম৷ তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না৷ যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভেতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো যে, তারা দুই-তৃতীয়াংশ মেজরিটি পেয়ে পাশ করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামায়াত জোট যদি মেজরিটি পায়, তাহলে আমি বিষ খাবো৷ এই কথাটা আমি বলেছি৷ কথা সত্য, তারা কোনোদিন যুদ্ধে জয় লাভ করতে পারে নাই, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই৷’’
সূত্র: ডয়চে ভেলে
Posted ৮:০৩ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya