‘হাসিনা তখনো প্রধানমন্ত্রী, তাঁকে গ্রহণ করা ছাড়া উপায় ছিল না’

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 11:56 am

‘হাসিনা তখনো প্রধানমন্ত্রী, তাঁকে গ্রহণ করা ছাড়া উপায় ছিল না’

ক্ষমতচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী সে দেশে নিয়ে যায়নি, তিনি বাংলাদেশি সামরিক বিমানে করে ভারতে গিয়েছিলেন। আর তখন হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকায় তাঁকে গ্রহণ করা ছাড়া ভারতের তেমন কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
গতকাল শনিবার (৩ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী হিসেবে বাস্তবতাকে মেনে নেওয়া ভারতের দায়িত্ব ছিল। কারণ, এমন পরিস্থিতি তৈরি হয়, যখন অনেক সময় কেউই তার জন্য প্রস্তুত থাকে না।
তিনি বলেন, ‘আমাদের সামনে কী বিকল্প ছিল? যদি আমরা বলতাম, না, আমরা তাঁকে গ্রহণ করব না, আমরা অবতরণের অনুমতি দেব না—তাহলে কী হতো, আমি জানি না।’ ত্রিবেদী আরও বলেন, ‘ভারত সরকারও ওই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না।’
বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিকে ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, ওই পরিস্থিতির কারণেই ঘটনাটি ঘটেছিল। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি।’
শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের অবস্থানও তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ বিষয়ে একটি আইনি প্রক্রিয়া রয়েছে এবং সেটি চলমান।

Facebook Comments Box

Posted ১১:৫৬ এএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

The Daily Sarod |