মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রবাসী আয়ে উল্লেখযোগ্যভাবে প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি এপ্রিল মাসের প্রথম সাত দিনে প্রবাসী বাংলাদেশিরা ৮২৩ মিলিয়ন বা ৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন- যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ দশমিক পাঁচ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৮২৩ মিলিয়ন ডলার। গত বছর অর্থাৎ, ২০২৫ সালের ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৬৩৬ মিলিয়ন ডলার। এর মানে দাঁড়ায় গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে ১৮৭ মিলিয়ন বা ১৮ কোটি ৭০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।