স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 11:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোছা. ময়না আক্তার (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে মারধোরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় নিরাপত্তাহীনতায় পড়েছে তার পরিবার। এই ঘটনায় ময়নার এসএসসির বাকি পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়েও শঙ্কিত তারা। ময়না আক্তার উপজেলার কালিকচ্ছ কলেজ এলাকার এলাকার আব্দুস সাত্তার মিয়ার মেয়ে। সে চলতি বছর কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার মিয়ার পরিবারের সাথে তারই ভাই মৃত আস্কর আলীর পরিবারের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। নানান বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আব্দুস সাত্তারের বড় মেয়ে বীনা বেগম স্থানীয় সামছু মিয়ার স্ত্রী রেজিয়া বেগমের কাছ থেকে একটি চিনা হাঁস ক্রয় করে রান্না করে। এরই মাঝে বিকেলে মৃত আস্কর আলীর স্ত্রী নেহারা বেগমের একটি চিনা হাঁস চুরি হয় এবং বীনার জবাই করা হাঁস তার বলে দাবি করেন। এনিয়ে আস্কর আলীর পরিবারের লোকজন সাত্তারের পরিবারকে উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় ঘরে থাকা সাত্তারের ছোট মেয়ে এসএসসি পরীক্ষার্থী ময়না আক্তার মোবাইলে কল করে বাড়ির বাইরে থাকা অন্যান্য সদস্যদের বিষয়টি জানায়। এই অবস্থায় আস্কর আলীর মেয়ে বন্যা আক্তার ও তার স্বামী সূর্যকান্দি গ্রামের কাবির মিয়া সহ তাদের পরিবারের সদস্যরা ময়নার ওপর হামলা করে মাটিতে ফেলে ব্যাপক মারধোর করে। তারা ময়নাকে টেনেহিঁচড়ে সাথে করে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বেদম প্রহার করে। পরে পরিবারের লোকজন তাকে তাদের কাছ থেকে ময়নাকে জোরপূর্বক ছিনিয়ে এনে রক্ষা করে। গুরুতর আহতাবস্থায় ময়নাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থা খারাপ দেখে জেলা সদর হাসপাতালে চিকিৎসকরা তাকে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। এদিন রাতে ময়নার বড় বোন শাহীনূর বেগম ৮ জনকে আসামি করে সরাইল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরদিন রোববার ১৮ ফেব্রুয়ারি সকালে হাসপাতাল থেকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন ময়না। ময়না পরীক্ষা দিয়ে তার ভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে আসামি কবির পথ গতিরোধ করে থানায় অভিযোগ দেওয়ায় হুমকি দেয়। এসিময় তারা কৌশলে প্রাণে বেঁচে ফেরেন। এরপর থেকে আতঙ্কে আছে ময়নার পরিবার৷ তারা শঙ্কিত তার বাকি এসএসসি পরীক্ষা দেওয়া নিয়ে।
পরীক্ষার্থী ময়না আক্তার বলেন, আমি তো সেদিন কিছু করিনি। আমি নিরপেক্ষ ভাবে ছিলাম। ফোন করে ভাইকে বিষয়টি জানাচ্ছিলাম এই অবস্থা আমাকে মেরে টেনেহিঁচড়ে নিয়ে যায়। সেখানেও বেদম প্রহার করে। চিকিৎসা চলাকালীন অবস্থায় পরীক্ষা দিয়েছি। বাড়িতে ফেরার পথে তারা আমাদের ঘিরে ধরে এবং হুমকি দেয়। এখন আমি বাকি পরীক্ষা কিভাবে দিতে যাব তা নিয়ে ভয়ে আছি। কারণ পরীক্ষা দিতে যেতে হবে প্রধান আসামী কবিরের বাড়ির সামনে দিয়ে।
এবিষয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিট অফিসারকে বিষয়টি দেখতে বলা হয়েছে।
Posted ১০:০৯ পিএম | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya