মালিতে সমন্বিত জঙ্গি হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। আজ রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মালির সামরিক বাহিনী নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এটিকে এখন পর্যন্ত অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। ২০২০ ও ২০২১ সালে ধারাবাহিক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক সরকারের কেন্দ্রীয় ব্যক্তি ছিলেন কামারা।
এর আগে গতকাল শনিবার (২৫ এপ্রিল) আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী ও তুয়ারেগ বিদ্রোহীদের সমন্বিত হামলার সময় গ্যারিসন শহর কাতিতে তার বাসভবনে আক্রমণ চালানো হয়।
মালিতে আল জাজিরার হয়ে কাজ করা সাংবাদিক নিকোলাস হক জানিয়েছেন, ‘নিহত সাদিও কামারা সামরিক নেতৃত্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। অনেকের কাছে ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচিত হচ্ছিলেন। তার মৃত্যু দেশটির সশস্ত্র বাহিনীর জন্য বড় ধাক্কা।’
নিকোলাস হক আরও জানান, রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কাতি শহরে কামারার বাসভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। কাতি একটি শক্তভাবে সুরক্ষিত সামরিক শহর হিসেবে পরিচিত।
তিনি বলেন, ‘কাতিকে দেশের সবচেয়ে নিরাপদ স্থানগুলোর একটি ধরা হয়। তবুও আল-কায়েদা সংশ্লিষ্ট জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন এবং আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের তুয়ারেগ যোদ্ধারা সেখানে হামলা চালাতে সক্ষম হয়েছে।’