অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ আপডেট : ১২:৪৭ অপরাহ্ণ
সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী ত্রাণ সহায়তায় ৬১০ মিলিয়ন ডলারের ঘাটতি দেখা দিয়েছে৷ এ তথ্য জানিয়েছে রোহিঙ্গা রিফিউজি রেসপন্স৷
জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় গৃহীত কার্যক্রমগুলো শরণার্থীরা (বাংলাদেশে) আসার পর থেকে সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোর একটির মুখোমুখি হয়েছে৷’’ বিবৃতিতে আরো বলা হয়, ‘‘জনসংখ্যা এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তা নাটকীয়ভাবে বাড়ছে, অথচ বৈশ্বিক মানবিক সংকট ও অন্যান্য জরুরি পরিস্থিতির কারণে তহবিল ক্রমশ কমছে৷’’
বাংলাদেশে জাতিসংঘের প্রধান ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘‘এই সংকট যেন বিশ্ববাসীর স্মৃতি থেকে হারিয়ে না যায়’’ – এটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি৷
জাতিসংঘ প্রায় ১৫ লক্ষ ৬০ হাজার মানুষকে সহায়তার লক্ষ্যে ৭১০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা চেয়েছে৷ এই সহায়তার আওতায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর তিন লাখ সাত হাজার দুস্থ ও ঝুঁকিপূর্ণ বাংলাদেশি নাগরিকও রয়েছেন৷
বিবৃতিতে রোহিঙ্গা রিফিউজি রেসপন্স আরো জানায়, ‘ন্যূনতম প্রয়োজন’ মেটানোর জন্য হলেও ৬১০ মিলিয়ন ডলারের একটি তহবিলের প্রয়োজন৷ এই অর্থ মূলত ‘অত্যন্ত জরুরি জীবনরক্ষাকারী ও সুরক্ষামূলক কার্যক্রমে’ ব্যয় করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়৷
সূত্র: ডয়চে ভেলে
Posted ১২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya