রেকর্ডসংখ্যক মানুষ পেলেন জার্মান পাসপোর্ট

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৪ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:৩৮ অপরাহ্ণ

রেকর্ডসংখ্যক মানুষ পেলেন জার্মান পাসপোর্ট

২০২৫ সালে রেকর্ড সংখ্যক মানুষ জার্মান নাগরিকত্ব পেয়েছেন৷ জার্মানির সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ’ জানিয়েছে, গত বছর কমপক্ষে তিন লাখ নয় হাজার ৮৫২ জন জার্মান পাসপোর্ট পেয়েছেন৷ ২০২৪ সালে পেয়েছিলেন দুইলাখ ৯১ হাজার ৯৫৫ জন৷
২০২৪ সালের মাঝামাঝি জার্মানি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনে৷ এর আগে জার্মান নাগরিকত্ব পেতে হলে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হতো এবং কমপক্ষে আট বছর জার্মানিতে বসবাস করতে হতো৷ নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ দেওয়া হয় এবং বাসস্থানের ন্যূনতম মেয়াদ পাঁচ বছরে নামিয়ে আনা হয়৷ এরপর থেকেই নাগরিকত্বের আবেদন দ্রুত বাড়তে শুরু করে৷ ২০২৪ সালে নাগরিকত্ব পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল৷ ২০২৫ সালে সেই বৃদ্ধির হার কিছুটা কমে ৬ শতাংশে দাঁড়িয়েছে৷
২০২৪ সালে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের মধ্যে ২৮ শতাংশ ছিলেন সিরিয়ার নাগরিক৷ এরপরের স্থানে ছিলেন তুরস্কের নাগরিকরা৷ তবে এই পরিসংখ্যান জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে ১৪টির৷ পূর্বাঞ্চলের রাজ্য মেকলেনবুর্গ-ফোরপমার্ন এবং সাকসেন-আনহাল্টের তথ্য এখনো পাওয়া যায়নি৷ কিছু ক্ষেত্রে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি৷
আগামী দিনে ইউক্রেনী শরণার্থীদের নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ ২০২২ সালের শুরুতে রাশিয়ার আক্রমণের পর যে ইউক্রেনীয়রা জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৭ সালের মধ্যে পাঁচ বছরের বাসস্থানের শর্ত পূরণ করবেন৷ উত্তরের অউরিখ অঞ্চলের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০২৭ সালের বসন্তের মধ্যে অনেক ইউক্রেনীয় নাগরিকত্বের আবেদনের জন্য যোগ্য হবেন এবং আইনি মর্যাদা নিশ্চিত করতে তারা এই সুযোগ নেবেন বলে আশা করা হচ্ছে৷
উল্লেখ্য, ইউক্রেনীয় শরণার্থীরা জার্মানিতে আসার পর থেকেই কাজের অনুমতি এবং পূর্ণ বাসস্থানের মর্যাদা পেয়েছিলেন, যা ২০১৫-১৬ সালে আসা সিরীয়শরণার্থীদের ক্ষেত্রে শুরুর দিকে ছিল না৷ ২০২৭ সালের মার্চে ইউক্রেনীয়দের সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার আগেই অনেকে নাগরিকত্বের পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ৭:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

dainiksarod |