অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 11:49 am
যাত্রীচাপ সামলাতে আরেক জোড়া ট্রেন চালু হচ্ছে ঢাকা-ক্সবাজার রুটে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে বলা আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বর্ধিত করে কক্সবাজার পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বিভাগ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২) ট্রেনটি।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ১ ডিসেম্বর প্রথমবারের মতো কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন যাত্রা শুরু করে। ওইদিন ১ হাজার ১০ জন যাত্রী ট্রেনে প্রথমবার ঢাকা থেকে কক্সবাজার যান। এরপর থেকে আর কখনও ওই ট্রেনের কোনো আসন ফাঁকা যায়নি। যাত্রীদের এমন চাহিদার কথা বিবেচনা করে মাত্র ৪০ দিন পরই ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও একটি নতুন ট্রেন চালু করা হয়। এছাড়া যাত্রী চাহিদা বিবেচনায় চট্টগ্রাম থেকে সৈকত ও প্রবাল এক্সপ্রেস নামে আরও দুইটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করছে।
গত এপ্রিল মাসে শুধু কক্সবাজার এক্সপ্রেস (৮১৩ ও ৮১৪) আয় করেছে ৫ কোটি ৭৮ লাখ টাকা। মে মাসে ট্রেনটির আয় হয়েছে ৫ কোটি ৫২ লাখ টাকা। অন্যদিকে, গত এপ্রিল মাসে পর্যটক এক্সপ্রেস (৮১৫ ও ৮১৬) আয় করেছে ৪ কোটি ২৪ লাখ টাকা এবং মে মাসে আয় করেছে ৩ কোটি ৮৬ লাখ টাকা।
এবার মহানগর এক্সপ্রেস পর্যটন নগরী কক্সবাজারের পঞ্চম ট্রেন হতে যাচ্ছে। বর্তমানে মহানগর এক্সপ্রেস (৭২২) ঢাকা থেকে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে ১২টি স্টেশনে যাত্রাবিরতি করে রাত সাড়ে ৩টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। প্রস্তাবনা অনুযায়ী, সেখানে ইঞ্জিন ঘুরানোর জন্য ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৩টা ৫০ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এরপর ৩ ঘণ্টার যাত্রা শেষে সকাল ৬টা ৫০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে মহানগর এক্সপ্রেস ট্রেনটি।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, আমরা এই মাসের মধ্যে চালু করবো। বিষয়টি নিয়ে আমাদের কর্মকর্তাদের সঙ্গে বসতে হবে। আনুমানিক সময়টা এখনই বলতে পারছি না।
Posted ১১:৪৭ এএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya