মানববন্ধন চলাকালে তেল-গ্যাস জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মো. জামালের সভাপতিত্বে সরকারের এসব উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জাতির প্রত্যাশা ছিল তারা স্বল্পতম সময়ে জাতিকে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ফিরে যাবেন।’ সংস্কার ও বিচারের নামে সময়ক্ষেপণের অন্তরালে সরকার সাম্রাজ্যবাদী শক্তির মিশন বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছে, যা অন্তর্বর্তী সরকারের এখতিয়ারবহির্ভূত এবং জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে বক্তারা অভিযোগ করেন।
তেল-গ্যাস রক্ষা কমিটির জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাসিরের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক সাংবাদিক আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, জেলা কৃষক খেত মজুর সমিতির নেতা আবদুস সোবহান মাখন, জেলা সিপিবির যুগ্ম সমপাদক আসমা খানম, সিপিবি নেতা অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, বাংলাদেশ জাসদ নেতা জাফর আহমেদ আকসির, সরাইল উপজেলা উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ওমর ফারুক প্রমুখ।
মানববন্ধন শেষে এসব দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তোফায়েল আজম মনুমেন্টের সামনে গিয়ে শেষ হয়।