মরক্কো থেকে স্পেনে জনস্রোতের নেপথ্যে কি গুজব?

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০১ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 11:13 am

মরক্কো থেকে স্পেনে জনস্রোতের নেপথ্যে কি গুজব?

স্পেনের ভূখণ্ডে মরক্কো থেকে মানুষের ঢল নামে গত বৃহস্পতিবার৷ অননুমোদিতভাবে এত মানুষ প্রবেশের পরেরদিন (শুক্রবার) স্বরাষ্ট্রমন্ত্রী এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে সেউটায় যান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ৷
স্পেনের ছোট উপকূলীয় শহরটিতে স্রোতের মতো মানুষ প্রবেশের সময় অন্তত ১৮ জন প্রাণ হারান৷ কেউ কেউ মারা যান পানিতে ডুবে, অনেকের প্রাণ যায় সমুদ্রের ঢেউ-প্রতিরোধের প্রাচীর (ব্রেকওয়াটার) পার হওয়ার সময় পদদলিত হয়ে৷
স্বায়ত্তশাসিত শহর সেউটার প্রশাসনের প্রধান হুয়ান জেসুস ভিভাস বলেন, তার ধারণা, এ পর্যন্ত মরক্কো থেকে প্রায় ৬০ হাজার মানুষ প্রবেশ করেছে৷ ছোট শহর সেউটার মোট জনসংখ্যা ৮৫ হাজারের মতো৷
তাই হুয়ান জেসুস ভিভাস বলেন, সেউটার কর্তৃপক্ষের পক্ষে ‘‘এত বড় চাপ সামলানো অসম্ভব – একেবারেই অসম্ভব৷”

স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা রাশিদ সবিহি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘‘এখনো মানুষ প্রবেশ করছে৷ অতিরিক্ত যে বাহিনী এসেছে তারা কেবল আহতদের সেবা এবং অন্যান্য মানবিক কার্যক্রমে সহায়তা করছে৷”

তবে বার্তা সংস্থা ইএফই এবং এপির খবর অনুযায়ী, আজ কিছু মানুষকে মরক্কোয় ফিরে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে৷ সেউটার অভিবাসী-অভ্যর্থনা কেন্দ্রটি আগত মোট মানুষের তুলনায় অনেক ছোট বলে তারা ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছে এপি এবং ইএফই৷

প্রধানমন্ত্রী সানচেজের সেউটা সফর

আজ (শুক্রবার) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা সেউটায় যান৷ এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন এই গণ-অনুপ্রবেশ ‘‘স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন৷”
হঠাৎ সীমান্তের জলসীমা দিয়ে সাঁতরে প্রেবেশের চেষ্টা এত বেড়ে যাওয়ার জন্য মানবপাচারকারীদের ছড়ানো গুজবকে দায়ী করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়কে মানবপাচারকারীরা ভুলভাবে ব্যাখ্যা করেছিল৷

জুলাই মাসের শুরুর দিকে স্পেনের সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানোর নিয়ম সমুদ্রপথে আগতদের ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ তবে সেই রায়টি স্থলসীমান্তের পাশ দিয়ে জলপথে সাঁতরে স্পেনে প্রবেশ সংক্রান্ত মামলা নিয়ে ছিল না৷ মামলাটি ছিল জিব্রাল্টার প্রণালী বা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা মানুষদের বিষয়ে৷
সাংবাদিকদের স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘‘মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় যা বেরিয়ে এসেছে, তা হলো, পাচারকারী মাফিয়া চক্র সুপ্রিম আদালতের একটি রায়ের ব্যাখ্যা নিজেদের সুবিধামতো দাঁড় করিয়েছিল৷” সানচেজ আরো জানান, সপ্তাহের শুরুর দিকে সীমান্ত অতিক্রম করে প্রবেশের চেষ্টা ধীরগতিতে চললেও বৃহস্পতিবার হঠাৎ ভিড় বেড়ে যাওয়ার পর সেই গুজব ‘‘দাবানলের মতো ছড়িয়ে পড়ে৷”

উল্লেখ্য, উত্তর আফ্রিকার উপকূলে মরক্কোর সীমান্তে স্পেনের সেউটা ও মেলিলা নামের দুটি ছিটমহল রয়েছে৷ এর আগে ২০২১ সালেও সেউটায় একই ধরনের সংকট দেখা দিয়েছিল৷ সেবার কয়েক দিনের ব্যবধানে আট হাজারেরও বেশি মানুষ অবৈধভাবে প্রবেশ করেছিল বলে ধারণা করা হয়৷

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১১:১৩ এএম | শনিবার, ০১ অগাস্ট ২০২৬

The Daily Sarod |