ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 10:20 pm
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।
বৈঠকের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আরও বড় দায়িত্ব নিয়ে দেশসেবার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অলটারনেটিভ ডিরেক্টর হচ্ছেন। এ বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। তিন বছরের জন্য তিনি বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে তিনি যোগদান করতে পারেন।
পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব কে হচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী কেবিনেট সেক্রেটারি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এ বিষয়ে সাংবাদিকদের শফিউল আলম বলেন, সবকিছু চূড়ান্ত। তবে কিছু প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া শেষ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বরে সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। তিনি ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব এবং ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেন।
তিনি পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি মাঠ প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
বিশ্বব্যাংক, ইউএনএফপিএ, এডিবি, সিআইডিএ, ইউএনডিপি এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উপ-পরিচালক, উপ-প্রকল্প পরিচালক, প্রকল্প পরিচালক এবং জাতীয় প্রকল্প পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ হতে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি র্অর্জন করেছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। ডেভলপমেন্ট প্ল্যানিংয়ের উপরে তার একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে।
তার স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি দুই ছেলের জনক।
Posted ১০:২০ পিএম | বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya