ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 10:47 pm
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেইক নিউজ বা অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা দেওয়াসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে রোববার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে অপপ্রচার ও ফেইক নিউজ রুখতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেন ইসি।
সচিব বলেন, প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও আগামীকাল থেকে মনিটরিং করবো। এজন্য আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এই টিমও প্রশাসনের টিমের পাশাপাশি কাজ করবে। এছাড়া গোয়েন্দা নজরদারীও থাকবে।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যেন নির্বাচন কেন্দ্রীক অপব্যবহার না হয়। কোনো প্রপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, সে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। কেউ যদি প্রপাগান্ডা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরাও দেখবো ওরাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয় না করতে সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমরা বিজ্ঞাপনও প্রচার করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনো ফেইক নিউজ না করতে পারে। জাতীয়–আন্তর্জাতিকভাবে কেউ যাতে ফেইক নিউজ না করে। ফেইক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।
বৈঠকে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, দফতরের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
সূত্র: পরিবর্তন ডটকম
Posted ১০:৪৪ পিএম | রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya