ভিলেন চরিত্রে আসছেন প্রসেনজিৎ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 1:20 am

ভিলেন চরিত্রে আসছেন প্রসেনজিৎ

খল চরিত্রে দেখা যাবে টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। গত বছর কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমাটির জন্য পরিচালক ও অভিনেতা বেশ প্রশংসা পান। বক্স অফিসেও এটি ভালো সাফল্য পায়।

প্রায় এক বছর পর আবারও কৌশিক-প্রসেনজিৎ জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করতে চলেছেন। আর এতে ভিলেনের চরিত্রে পাওয়া যাবে প্রসেনজিতকে। যা দর্শকদের জন্য বড় ধরনের চমক!

পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যম জানায়, নাম ঠিক না হওয়া সিনেমাটির ঘোষণা আসছে আগামী ৮ ফেব্রুয়ারি। তখন সিনেমাটির বিস্তারিত তথ্য জানাবেন নির্মাতা।

তবে নতুন সিনেমায় বুম্বাদার বিপরীতে আর কে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি। তাই সব তথ্য জানার জন্য আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে প্রসেনজিত ভক্তদের।

২০১৯ সালের ২৬ এপ্রিল মুক্তি পায় ‘জ্যেষ্ঠপুত্র’। এর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন প্রসেনজিৎ। এ সিনেমায় তার সঙ্গে পর্দা ভাগ করেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রায় চৌধুরীসহ অনেকে।

তবে ‘জ্যেষ্ঠপুত্র’ নিয়ে বিতর্কে পড়তে হয়েছিল নির্মাতাকে। পরিচালক প্রতিম ডি গুপ্ত দাবি করেছিলেন এর স্ক্রিপ্ট ঋতুপর্ণ ঘোষের সঙ্গে বসে তিনি লিখেছিলেন। কিন্তু কৌশিক তাকে বঞ্চিত করে সিনেমা নির্মাণ করেছেন। যদিও তখন এমন মন্তব্য উড়িয়ে দিয়েছিলেন কৌশিক।

Facebook Comments Box

Posted ১:২০ এএম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |