স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১০ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 9:52 pm
নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বনভোজন। গত শনিবার (৯ মার্চ) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিজয়া চা বাগানে ‘আনন্দ ভ্রমণ ও মিলনমেলা-২০১৯’ শিরোনামে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
এদিন সকাল পৌনে আটটায় তিনটি বাস যোগে বনভোজনে অংশগ্রহণকারীরা বিজয়া চা বাগানের উদ্দেশ্যে রওনা হন। দুপুর সোয়া ১২টার দিকে বিজয়া চা বাগানে পৌঁছায় বাসগুলো। বাস থেকে নেমেই সবাই যে যার মতো ছুটে যান বিজয়া চা বাগান ও এর আশপাশ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে। কেউ কেউ বিজয়া চা বাগানের ব্যবস্থাপক শাহাদাত হোসেনের জিপ গাড়িতে করেও সৌন্দর্য অবলোকন করেন।

এরপর দুপুর আড়াইটার দিকে শুরু হয় খাবার সরবরাহ। লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়েছে সবাইকে। পরে চা বাগানের ব্যবস্থাপকের বাংলোর ওঠানে চলে ছোট বাচ্চাদের বিস্কুট দৌঁড় প্রতিযোগীতা, নারীদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগীতা, সঙ্গীত পরিবেশনা ও র্যাফে ড্র।

প্রথমেই প্রেসক্লাব সদস্যদের ছোট বাচ্চাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিস্কুট দৌঁড় প্রতিযোগীতা। এরপর সদস্যদের স্ত্রী ও কন্যাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মিউজিক্যল চেয়ার। পুরো আয়োজনের মধ্যে এই মিউজিক্যাল চেয়ার প্রতিযোগীতাটি ছিল সবচেয়ে বেশি মনোমুগ্ধকর। চেয়ার নিয়ে নারীদের ছোটাছুটি যেন বনভোজনের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ।

প্রতিযোগীতা শেষে সঙ্গীত পরিবেশনা করেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য পীযূষ কান্তি আচার্য, সাংবাদিক মোজাম্মেল চৌধুরী, পীযূষ কান্তি আচার্যের সহধর্মীণি মনিকা আচার্য ও তাঁর ছেলে প্রিয়ম আচার্য এবং জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আলমের মেয়ে ইসতী বিনতে আলম হৃদিলা ও সাংবাদিক তফাজ্জল হোসেনের ছেলে রিয়াজ হোসেন। এছাড়াও সঙ্গীত শিল্পী জয়নাল আবেদীন ও আনিসুল হক রিপন সঙ্গীত পরিবেশনা করে সাবাইকে মাতিয়ে তুলেন।

সঙ্গীত পরিবেশনার ফাঁকে-ফাঁকে আনন্দ ভ্রমণ ও মিলনমেলা নিয়ে অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউছার এমরান ও রিয়াজ উদ্দিন জামি, জ্যেষ্ঠ সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, কবি জয়দুল হোসেন ও বিজয় চা বাগানের ব্যবস্থাপক শাহাদাত হোসেন।

এরপর দুই প্রতিযোগীতা ও র্যাফেল ড্র’তে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বিজয়া চা বাগানের ব্যবস্থাপক শাহাদাত হোসেন, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য সাদেকুর রহমান। এ সময় প্রেসক্লাবের সহসভাপতি মফিজুর রহমান লিমন, তথ্যপ্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান উপস্থিত ছিলেন। এছাড়াও আনন্দ ভ্রমণ ও মিলনমেলায় অংশ নেয়া সকলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
Posted ৯:৫২ পিএম | রবিবার, ১০ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya