অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ২২ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 6:58 pm
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্যে স্বাক্ষর করেছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬-২০২৮-এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট এর চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের মতো ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনও নির্বাসনে ছিল। ফলে সংস্থাটির সাধারণ সদস্যদের দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকতে হয়েছে। একই সঙ্গে ইউনিটের সঙ্গে সদস্যদের যোগাযোগ ও প্রায় সকল সদস্যের জীবন সদস্য হিসেবে তালিকাভুক্তির ক্রমিক নম্বর নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
এ অবস্থায় গত ১৮ আগস্টের স্মারকের আলোকে বর্তমান অ্যাডহক কমিটিকে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দুইজন ডেলিগেটের নাম প্রেরণের নির্দেশ দেওয়া হয়। কারণ, আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ম্যানেজিং বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা সংবলিত চিঠির পরিপ্রেক্ষিতে অ্যাডহক কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। গত ১৯ আগস্ট নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ইউনিটের নির্বাচনসংক্রান্ত বিধান, নির্বাচন নির্দেশিকা, বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং সময়ের সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এরপর আগামী ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন নিয়ে বিভিন্ন মাধ্যমে সদস্যদের মধ্যে উদ্বেগ ও সংশয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিশেষ করে ভোটার তালিকা, ভোটার তালিকার ক্রমিক নম্বর এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের সন্দেহ বা আশঙ্কা থাকলে তা নির্বাচন কমিশনের নজরে এসেছে বলে জানানো হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো ধরনের অবৈধ প্রভাব, নির্বাচনী প্রক্রিয়া ‘ম্যানিপুলেট’ করা কিংবা কোনো ব্যক্তিকে দুর্বলভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে সকল সম্মানিত সদস্যের সহযোগিতা কামনা করা হয়েছে।
লিখিত বক্তব্যে সদস্যদের নিজে নির্বাচনী প্রক্রিয়া ও ভোটদানে অংশ নেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রত্যাশা ব্যক্ত করেছে নির্বাচন কমিশন।
শেষে সাংবাদিকদের সময় দেওয়া ও বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে নির্বাচনে গণমাধ্যমের পরামর্শ ও নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Posted ৬:৫৮ পিএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya