প্রিন্ট
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট : 12:53 am
ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামের লোকজনের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৪ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে সংশ্লিষ্ট থানা এলাকা থেকে পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে পুলিশ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছে। এ উপলক্ষে আশেপাশের এলাকা থেকেও লোকজন আসে। মঙ্গলবার বিকেলে পাশের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের এক যুবকের সঙ্গে ফান্দাউকের এক যুবকের কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসাও করে দেওয়া হয়। তবে সন্ধ্যায় দুই পক্ষের সীমানার একটি মাঠে শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পাওয়া এক ভিডিওতে দেখা যায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে ইট পাটকেল আনা হয়।
এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, দুই গ্রামের দুইজনের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। তবে তাৎক্ষনিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ২২ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় থানার এসআই শওকত সহ ৪পুলিশ সদস্য আহত হয়েছেন।
Posted ১২:৫৩ এএম | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya