ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 9:28 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব

বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবিকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৯ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হবে কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কে। রোববার (৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত এবং সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জেলা প্রশাসন এবং কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত এ স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। ৯ জুলাই সকালে কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। একই দিন বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে মূল আয়োজন।
আয়োজকরা জানান, কবি আল মাহমুদের সাহিত্য, জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাঁর সাহিত্যচর্চাকে উৎসাহিত করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখাই এ স্মরণোৎসবের প্রধান লক্ষ্য। এ ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।
তিন দিনের কর্মসূচিতে থাকছে আলোচনাসভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণাভিত্তিক আলোচনা এবং স্কুল-কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা। এছাড়া ‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ ও ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক আলোচনাসভায় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।
১১ জুলাই বিকেলে সমাপনী অনুষ্ঠানে কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি আব্দুল হাই সিকদারের হাতে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ তুলে দেবেন। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

The Daily Sarod |