বিশেষ কার্গো বিমানে দেশে পৌঁছাল রূপপুরের পারমাণবিক জ্বালানি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:55 am

বিশেষ কার্গো বিমানে দেশে পৌঁছাল রূপপুরের পারমাণবিক জ্বালানি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছেছে বিশেষ কার্গো বিমান। গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে।
রাশিয়ার তৈরি চার ইঞ্জিনবিশিষ্ট ইলিউশিন আইএল-৭৬ কার্গো বিমানে করে এই ইউরেনিয়াম বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহের প্রক্রিয়া।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, রাত ১১টা ৪৩ মিনিটের দিকে ইউরেনিয়াম জ্বালানিবাহী বিশেষে কার্গো ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এই চালানের স্থানান্তর ও পরিবহন-সংক্রান্ত যাবতীয় তথ্য গোপনীয় রাখা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে যান। সে সময় তিনি জানান, রূপপুরের ইউরেনিয়াম চালানটি নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ব্যবহারের জন্য নির্ধারিত এই চালানটি পৌঁছানোর কথা ছিল গত ২৪ সেপ্টেম্বর। তবে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় চালানটি সরবরাহে বিলম্ব ঘটে।

Facebook Comments Box

Posted ১০:৫৫ এএম | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

The Daily Sarod |