অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২০ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 5:04 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, একই গ্রামের দুধ মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী লাঠি দিয়ে পিটিয়ে মোহাম্মদ আলীকে হত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত কলোম উদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক। অভিযুক্ত দুধ মিয়া একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুধ মিয়া ও তাঁর স্ত্রী মোহাম্মদ আলীর কাছে ছয়টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাড়িতে নেওয়ার পর দুটি বাচ্চা মারা গেলে সোমবার অবশিষ্ট চারটি হাঁসের বাচ্চা ফেরত দিয়ে টাকা ফেরত চাইতে যান মোহাম্মদ আলী। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে দুধ মিয়া ঘর থেকে লাঠি এনে মোহাম্মদ আলীকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে দুধ মিয়ার স্ত্রীও লাঠি দিয়ে তাঁর মাথা ও ঘাড়ে আঘাত করেন বলে দাবি করেছেন নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। এতে মোহাম্মদ আলী মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাঁকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। মাথা ও ঘাড়ে আঘাত পাওয়ার পরই মোহাম্মদ আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে তাঁরা জানান। পরে অভিযুক্তরাই তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।
এদিকে অভিযুক্ত দুধ মিয়ার মা সাংবাদিকদের বলেন, হাঁসের বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছে—এটি সত্য। তবে মারামারির সময় তিনি ঘরের ভেতরে ছিলেন এবং পুরো ঘটনা নিজের চোখে দেখেননি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হাঁসের বাচ্চা নিয়ে বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। সুরতহাল রিপোর্টে নিহতের মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তাই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৮:৩৪ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya