নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 9:46 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল জেলার সরাইল উপজেলার চাঁনমনিপাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। এ ঘটনায় প্রাইভেটকারচালক মো. তানিম আহম্মেদ আহত হয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে নিজ বাড়ি সরাইল যাচ্ছিলেন। পথিমধ্যে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে অরক্ষিত একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। এ সময় সিলেট থেকে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে সাইফুল ও চালক তানিম গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
Posted ৯:৪৬ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya