অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 8:59 pm
বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে অভিজ্ঞতা ভাগাভাগি ও দ্বিপক্ষীয় সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে ভারত। চট্টগ্রামে নিযুক্ত দেশটির সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শনকালে এ আগ্রহের কথা জানান। সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনকালে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন। এতে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারের বহুমুখীকরণ, পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজার গঠন এবং নতুন অ্যাসেট ক্লাস সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়।
এ সময় সিএসইকে একটি মাল্টি অ্যাসেট ক্লাস এক্সচেঞ্জ হিসেবে গড়ে তোলার লক্ষ্য উল্লেখ করে ভারতীয় বিনিয়োগকারী ও ব্রোকারদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডা. রাজীব রঞ্জন।
তিনি বলেন, ভারতের শেয়ারবাজারের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। যৌথ কারিগরি সেশন, বিশেষায়িত কর্মশালা এবং নলেজ ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের আর্থিক বাজার আরও শক্তিশালী করা সম্ভব।
ডা. রাজীব রঞ্জন আরও উল্লেখ করেন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এমসিএক্স) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) অভিজ্ঞতা সিএসইর জন্য একটি কার্যকর মডেল হতে পারে। বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস খাতে ভারতের দক্ষতা বাংলাদেশের মূল্য নির্ধারণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশকে শুধু প্রতিবেশী নয়, বরং একটি উন্নয়ন অংশীদার হিসেবে দেখে। ভবিষ্যতেও দুই দেশ একসঙ্গে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, পর্ষদ পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী ও নাজনীন সুলতানা। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৯ পিএম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya