অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 8:14 pm
সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে নতুন একটি সামুদ্রিক সামরিক জোট গঠন করা হয়েছে। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোটের লক্ষ্য লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং বৈশ্বিক বাণিজ্য সুরক্ষিত রাখা। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সৌদি আরবের রিয়াদে জোট গঠনের বৈঠকে বিশ্বের ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশসহ ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। চুক্তিতে স্বাক্ষরকারী ১৪টি দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কোমোরাস। তবে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এই জোটে যোগ দেয়নি।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জোটটির সদর দপ্তর সৌদি আরবেই স্থাপন করা হবে এবং ভবিষ্যতে আগ্রহী অন্যান্য দেশও এতে যুক্ত হতে পারবে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথগুলো সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং হুথি বিদ্রোহীদের একাধিক হামলার কারণে বিশেষ করে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতা বেড়েছে। সংকীর্ণ এই প্রণালিতে সামান্য বিঘ্নও বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
চুক্তিতে বলা হয়েছে, এই সামরিক জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ। সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক পরিকল্পনা এবং নিয়মিত সামুদ্রিক মহড়ার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করবে।
Posted ৮:১৪ পিএম | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya