নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : 1:10 pm
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে ‘বহিরাগত’ কোনো প্রার্থীকে যেন বিএনপির মনোনয়ন দেয়া না হয়- সেজন্য দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন ছয়জন প্রার্থী। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এন. আই. ভূঁইয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ঐক্যের ঘোষণা দেন তরা।
রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মূলগ্রাম ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করে।
ঐক্যের ঘোষণা দেয়া প্রার্থীরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সহসভাপতি মো. ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য নাসির উদ্দিন হাজারী।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে ওই প্রার্থী ছাড়াও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া দলের মনোনয়ন প্রত্যাশী। তাকে ‘বহিরাগত প্রার্থী’ আখ্যা দিয়ে মনোনয়ন না দেয়ার দাবি তোলা হয় জনসভায়।
প্রকৌশলী নাজমুল হুদা খন্দকারের সভাপতিত্বে জনসভায় ছয় প্রার্থী ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা বলেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনেক নির্যাতন সহ্য করেছেন তারা। কসবা-আখাউড়ায় কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দিয়ে নতুন করে আর যন্ত্রণা না বাড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান। এক্ষেত্রে ছয় প্রার্থীর যে কোনো একজনকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে সবাই কাজ করার ঘোষণা দেন।
Posted ৮:১৮ পিএম | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya