শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

‘প্রীতি ওরাংয়ের মৃত্যুতে মানবাধিকারের চরম লঙ্ঘন’

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 11:17 pm

‘প্রীতি ওরাংয়ের মৃত্যুতে মানবাধিকারের চরম লঙ্ঘন’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘গৃহকর্মী প্রীতি ওরাংয়ের মৃত্যুর ঘটনায় দায়ীদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। কারণ এটা মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। এটার তদন্ত সঠিকভাবে হওয়া উচিত।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের চারটি গার্মেন্টস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। প্রসঙ্গত, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মী ছিল প্রীতি ওরাং (১৫)। রাজধানীর মোহাম্মদপুরের বহুতল ভবনের ৯ তলা থেকে পড়ে প্রীতির মৃত্যু হয়।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘প্রীতি ওরাং বাসার একজন গৃহকর্মী। গৃহকর্মীদের জন্য বাংলাদেশের পলিসি আছে। এছাড়া আমরা মানুষ। আর মানুষ মানুষের জন্য। এই দিকটি দিয়ে একান্তই দেখা উচিত ছিল।’

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গৃহকর্মী প্রীতি ওরাংয়ে মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার অগ্রগতি জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

চিঠিতে বলা হয়, প্রীতির মৃত্যুর ঘটনার প্রতিবেদন পর্যালোচনায় জানা যায়, রাজধানীতে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহপরিচারিকা চা শ্রমিকের কন্যা প্রীতি ওরাং নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসার ৯ তলা থেকে পড়ে গুরুতর আহত হয় শিশু প্রীতি ওরাং। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি বুধবার নিহত গৃহকর্মী প্রীতি ওরাংয়ের বাবা লুকেশ ওরাং বাদী হয়ে অবহেলাজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে আশফাকুল-তানিয়াসহ ওই বাসা থেকে মোট ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে গৃহকর্মীদের সুরক্ষার জন্য গৃহকর্মী সুরক্ষা নীতিমালা থাকলেও সাম্প্রতিক সময়ে গৃহকর্মী নির্যাতন একটি নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গৃহকর্মীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল অবস্থানে থাকার কারণে নির্যাতনে জড়িতদের সাজা হয় না বললেই চলে। ফলে সমাজে গৃহকর্মী নির্যাতনের বিচারহীনতার এক সংস্কৃতি বহমান।’

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, এ কারণে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার পাওয়াটাই একটি চ্যালেঞ্জ। যদিও বা কোনো বিষয় মামলা হয়, কিন্তু পরবর্তী সময়ে অর্থের দাপট, পেশিশক্তি এবং রাজনৈতিক দাপটের কাছে পরাস্ত হতে হয় দুর্বলদের। ফলে শুরুতে বা মাঝপথে আইনবহির্ভূত সমঝোতা লক্ষ করা যায়। উক্ত ঘটনাটি ঘটেছে একটি পত্রিকার নির্বাহী সম্পাদকের বাসায়। যেখানে সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে বিবেচনা করা হয় সেখানে সাংবাদিক আশফাকুল হকের বাসায় গৃহকর্মী প্রীতির মৃত্যুর এ ঘটনাটি ছিল অত্যন্ত নির্মম, মর্মান্তিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের পাশবিক ঘটনা আমাদের বিবেককে চপেটাঘাত করে। ঘটে যাওয়া এই ঘটনা নতুন কোনো ঘটনা নয়, এটি পুরনো ঘটনার পুনরাবৃত্তি, যা ঘটেছিল গত বছরের ৬ আগস্ট একই সাংবাদিকের বাসায়।

প্রীতির মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃতপক্ষে সেদিন কী ঘটেছিল তা অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা উচিত বলে কমিশন মনে করে। এরই প্রেক্ষাপটে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে কমিশনকে অবহিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বলা হয়। এ আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:১৭ পিএম | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |