প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় তার গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক আরও সামনে এগিয়ে নিতে উপযুক্ত ও আস্থাশীল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করবে। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি জোর অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।