জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 12:07 am
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর এই প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় এসেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। বুধবার (২৯ নভেম্বর) ব্র্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় এলে নেতা-কর্মীরা আইনমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।
আইনমন্ত্রী তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে নির্বাচন করবেন।
নির্বাচনী বিধি যেন লংঘন না হয় এ কারণে আইনমন্ত্রী সব সময়ের মতো ঢাকা থেকে আখাউড়ায় না নেমে কুমিল্লায় চলে যান। সেখান থেকে তিনি সড়ক পথে কসবায় আসেন।।
এদিকে পথে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আপ্লুত হয়ে মন্ত্রী কান্না করেন। তবে নিয়ম মেনে ভোট না চেয়ে দোয়া প্রার্থণা করেন।
কসবায় প্রবেশের পথে সড়কে নেতা-কর্মীরা জড়ো হলো তিনি বলেন, ‘ভোট চাইতে পারবো না। ১৮ তারিখ পর্যন্ত প্রচারণা করতে দিবে না নির্বাচন কমিশন। এটা আইন। আমি আইন মেনে চলবো। আপনারা যে দায়িত্ব দিয়েছিলেন সন্তান হিসেবে সেটা পালন করেছি। প্রথম দিন বলেছিলাম পাশে থাকবো। আমি ১০ বছর আর কিছু করি নাই পাশে থাকা ছাড়া। সুখে দুখে পাশে ছিলাম আপনাদের। নির্বাচন আসন্ন। আপনারা ভোট দিবেন।’
আপ্লুত হয়ে তিনি বলেন, ‘যারা আমার বয়সে বড় ছিলেন তাদের সন্তান হিসেবে কাজ করেছি। যারা বয়সে ছোট তাদের অভিভাবক হিসেবে কাজ করেছি। আমি ভুল ত্রুটি করতে পারি। কিন্তু সন্তানকে যেভাবে মাফ করে দেন আমাকেও সেইভাবে মাফ করে দিয়েন। আর কোনো উপকার করে থাকি দোয়া করবেন আমার জন্য। আমি ফিরে আসবো। ১৮ তারিখ প্রচারণা শুরু হলে কথা বলবো।’
এসময় সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচনের পিছানো না পিছানোর বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে এটা বলতে পারি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরণের অরাজকতা সৃষ্টি করলে জবাব দেওয়া হবে।’
Posted ১২:০৭ এএম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya