নাসিরনগরে হাওরে পানি বেড়ে ৩০৫ হেক্টর ধানি জমি প্লাবিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৪ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 6:41 pm

নাসিরনগরে হাওরে পানি বেড়ে ৩০৫ হেক্টর ধানি জমি প্লাবিত

অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরে গত কয়েকদিনে ৩০৫ হেক্টর বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ধান কাটতে যেতে পারছেন না কৃষক ও শ্রমিকরা। এতে করে ক্ষতির মুখে অন্তত ২ হাজার কৃষক। আজ সোমবারও (৪ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বোরো মৌসুমে হাওরে ১১ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত শুরুর আগেই ৬০ শতাংশের বেশি ধান কর্তন করা হয়। তবে বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই নতুন নতুন জমি প্লাবিত হচ্ছে। সর্বশেষ গতকাল পর্যন্ত ৩০৫ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এতে করে ২ হাজারেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।


এ দিকে, পানি বাড়তে থাকায় দৈনিক দেড় হাজার টাকা মজুরিতেও শ্রমিক মিলছে না ধান কাটার জন্য। ফলে জমিতেই পচে নষ্ট হচ্ছে পাকা-আধাপাকা ধান। এছাড়া কিছু কিছু জমির ধান কাটা গেলেও বৈরি আবহাওয়ার কারণে ধান শুকানো যাচ্ছে না। এতে করে লোকসান বাড়ছে কৃষকদের।
নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, বর্তমানে ৩০৫ হেক্টর জমির ধান পানির নিচে আছে৷ এছাড়া যেসব ধান কাটা হয়েগিয়েছিল, সেগুলো রোদ না উঠায় শুকানো যাচ্ছে না। ফলে সে ধানগুলোও নষ্ট হওয়ার পথে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:৪১ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

The Daily Sarod |