মোহাম্মদ মাসুদ উর রহমান
প্রিন্ট
শনিবার, ০৩ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 10:18 pm
১.
সংকট কি শুধু কোটা সংস্কারের প্রেক্ষিতে ছাত্র আন্দোলন নিয়ে? না। এটি এখন বহুমাত্রা পেয়েছে। কাজেই সংকটের গভীরতা ঠিক কতটা তা বুঝাতে সংকট এর আগে বহুমুখী শব্দটা বসাতেই হচ্ছে। এতদিন ফেসবুক বন্ধ ছিল বলে অনেক কিছুই টের পাওয়া যায়নি,টের পাওয়া যায়নি কিছু আন্দোলনকারীদের যে থলের ভেতর বিড়াল রাখা আছে তাও। সব মুক্তিযোদ্ধা বেঁচে না থাকলেও তাদের সন্তান নাতি-নাতনীরা যেমন আছে তেমনি একাত্তরের দুষ্কৃতিকারী পাক বাহিনীর সহায়তাকারী সেই রাজাকারদের প্রেতাত্মারাও কিন্তু আছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করে মুক্তিযোদ্ধার প্রজন্ম সংখ্যা যে হারে বাড়িয়েছি,এর প্রতিক্রিয়া হিসেবে রাজাকারের উত্তর প্রজন্ম না হয়েও মানসিকভাবে রাজাকার মনোভাবাপন্ন অনেক তরুণ এদেশে তৈরি হয়েছে কিংবা সেই রাজাকার শ্রেণী তরুণ প্রজন্মের মগজ ধোলাই করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রজন্ম হিসেবে তাদের আবির্ভূত করেছে।
২.
ভৌগোলিক অবস্থান, ভূ রাজনৈতিক প্রভাব, আধিপত্য বিস্তার ইত্যাদি ইত্যাদি কারণে অনেক পরাশক্তির চোখ পড়েছে এই সোনার বাংলার উপর। কূটনীতির কূটচালের প্রতিনিয়ত চর্চা হচ্ছে। উসকে দিচ্ছে কিছু রাজনৈতিক উচ্চাবিলাসীদের, প্রতিহিংসা পরায়ণদের। আমরা কি তা বুঝতে ব্যর্থ হচ্ছি — নাকি সংশ্লিষ্ট রাজনৈতিক সহযোদ্ধা,বিভিন্ন বাহিনী আগের মতই দমন পীড়ন করে পরিস্থিতির সামাল দিতে পারবে বলে ভুল বুঝাচ্ছে! আমার তো এই তাদের নিয়েও সন্দেহ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ বিডিআর,র্যাব কিংবা অন্যান্য সহায়তাকারী সংস্থার সবাই কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী? মোটেও না। বিভিন্ন কৌশলে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে আছে এবং এই কাজে সহায়তা করেছে স্বয়ং আওয়ামী লীগ। আমরা কি দেখিনি কয়েকবছর আগে জামাত শিবির বা বিরুদ্ধ পক্ষের অনেকে আওয়ামী লীগে যোগদান করতে? সেই তারা-ই এখন ছোবল মারতে উদ্যত। যেকোনো উপায়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে চাচ্ছে তারা। দেশপ্রেম বলতে তাদের কিছুই নেই, আছে বুকভরা প্রতিহিংসা। কাজেই সরকারের পা কোন কারণে গর্তে পড়লে পরিণতি কি হতে পারে তা সরকার পক্ষের লোকজন কী আন্দাজ করতে পারছে?
৩.
দমন পীড়নের অতি বাড়াবাড়িতে পাবলিক সেন্টিমেন্ট এখন কোটা আন্দোলনকারীদের পক্ষে। শুধু তাই না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও এখন এগিয়ে আসছে, প্রতিরোধ শুধু নয়,প্রতিহত করার সাহসও পাচ্ছে এবং করছেও। ক্যাডার বাহিনী আর অস্ত্রধারী বাহিনীর যে জুজুর ভয় এতদিন সবার মাঝে বিরাজ করছিল তাও কেটে যেতে শুরু করছে। এক সাঈদ বুক চিতিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে হাজারো সাঈদের জন্ম দিয়ে গেছে। এটিই এখন বাস্তবতা। বিশেষ বাহিনীর চোখে চোখ রেখে যেভাবে প্রতিবাদ করছে, অন্যায়ভাবে জোরপূর্বক শিক্ষার্থীদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া যেভাবে কোনো এক কিশোরী ঠেকিয়ে দিচ্ছে — অবিশ্বাস্য! আমার তো মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সেই তুরূপের তাসটিও শেষ হয়ে যাওয়ার পথে..। এরপর!
৪.
এতদিন ইন্টারনেট ছিল না বলে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। টিভির টকশোতে বক্তা হিসেবে যাদের দেখতাম তাদের দু’একজন ছাড়া অনেকেই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে ইনিয়ে বিনিয়ে অন্যদিকে চলো যাওয়ার মতো ব্যক্তিত্ব ছিল। ফলে দেশের সঠিক অবস্থা সম্পর্কে পুরোপুরি অবহিত হতে ব্যর্থ হতাম। দুই দিন আগে মোবাইল ডাটা ফিরে পেয়ে অনেকগুলো রেকর্ডেড টকশো শুনে,ফেবুর পোস্ট দেখে যা বুঝছি — পরিস্থিতি মোটেও ভালোর দিকে যাচ্ছে না। একে অপরের ওপর দায় চাপানো বাদ দিয়ে আলোচনায় বসুন, আত্মসমালোচনা করুন। তেলবাজি, তোষামোদি অনেক হয়েছে। আর না। সঠিক চিত্রটি, সঠিক ব্যক্তির কাছে তুলে ধরুন। দেশকে যদি ভালোবেসে থাকেন,সমূহ বিপদ থেকে রক্ষা করতে চান তাহলে দ্রুত করণীয় নির্ধারণ করুন। শিক্ষার্থী আসল না নকল, দুষ্কৃতিকারী না জামাত শিবির এসবে আর কাজ তো হবেই না উল্টো গুজব, বিদ্বেষ উভয়ই বাড়বে।
৫.
তারুণ্য জেগে ওঠেছে। জেগে ওঠেছিল আরও অন্তত দুবার — নিরাপদ সড়ক আন্দোলন আর কোটা সংস্কার আন্দোলন অন্যতম। তখন আমলে না নিয়ে,ক্ষোভের বহিঃপ্রকাশেই হোক কিংবা আবেগে সরকার একটি নির্বাহী আদেশ আর পেটুয়া বাহিনী দিয়ে আপাত দমানো গেলেও এবার ছাইচাপা আগুনের মতো দপ করে জ্বলে ওঠেছে পুরনো আগুন। তরুণেরা এখন চোখের সামনে শুধু দেখে চলেছে অর্থের লুটপাট আর ক্ষমতাধরদের ক্ষমতার প্রদর্শনী,লাগামহীন দুর্নীতি,সুবিধাবাদী রাজনীতির চর্চা, শিক্ষাঙ্গনে ছাত্রনেতাদের দৌরাত্ম্য, ভয়ের পরিবেশ, গণরুম সংস্কৃতি, মিছিলে যেতে বাধ্য করা,র্যাগিং ইত্যাদি ইত্যাদি।
বর্তমান তরুণদের সামনে বলতে গেলে এখন কোনো স্বপ্ন নেই ,নেই স্বপ্ন পূরণের সম্ভাবনাও। শিক্ষানীতির দুর্বলতা বা দুর্নীতির সুযোগে হাজার হাজার উচ্চ শিক্ষিত বেকারের জন্ম দিয়ে যাচ্ছে কিছু সনদবিক্রির অভিযোগে অভিযুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস এবং অজপাড়াগাঁয়ের তথাকথিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ব্যতিক্রম বাদ দিলে গত দুই দশকে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের আনাচে-কানাচে একেবারে প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে অনার্স খুলে উচ্চশিক্ষিত সার্টিফিকেটধারীর সংখ্যা যেমন বাড়িয়েছে তেমনি প্রশ্নবিদ্ধ হয়েছে উচ্চশিক্ষার মানও । ফলশ্রুতিতে কম মেধাবী তো দূরের কথা ভালো মেধাবীরাও কর্মসংস্থানে একটি সম্মানজনক অবস্থানে যেতে
আশার আলো খুঁজে পাচ্ছে না। একটি ঘটনা বলি। গত সপ্তাহে আমি একটি স্কুলে গিয়েছিলাম। আমাকে যে চা পরিবেশন করলো সে বাইরে এসে আমাকে বললো – স্যার,আমার চাকরিটা স্থায়ী করার জন্য আপনি একটু সভাপতিকে কইয়েন। আমি বললাম — তুমি তো অনেকদিন থেকেই চাকরি করছো তাহলে স্থায়ী হচ্ছে না কেন? তার উত্তর — এলাকার অন্য একটি ছেলে ইংরেজিতে অনার্স করা,এখন পার্টটাইম ক্লাসও নিচ্ছে। এমপিওভুক্ত না বলে সে আমার পদে আসতে চাইছে। হতভম্ব আমি তাকে কিছু বলতে পারিনি।
৬.
বর্তমানে তরুণরা তাদের চোখের সামনে দেখতে পাচ্ছে উচ্চবিত্তের সন্তানরা অপেক্ষাকৃত কম মেধাসম্পন্ন হলেও প্রচুর অর্থ ব্যয় করে দেশের বাইরে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমিয়ে সেখানেই থিতু হয়ে যেতে পারছে। বিপরীতে নিম্নবিত্তের সন্তান জীবনের ঝুঁকি নিয়ে দালাল চক্রের খপ্পরে পরে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে হয় ডুবে মরছে অথবা কোনরকমে উত্তাল সাগর পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত দেশে পৌঁছে কিছুদিন পরই ধরা পড়ে জেল খেটে আবার ফেরত আসছে।
এই দুই শ্রেণীর বাইরে মধ্যবিত্তের মেধাবী সন্তানটির জন্য অবশিষ্ট থাকছে শুধুই সরকারি চাকরি নামের সোনার হরিণ। বিপরীতে দায়ে পড়ে বা বাধ্য হয়ে বা নিজ আগ্রহে যারা সরকার সমর্থিত ছাত্র সংগঠন করছে তাদের সবাই কিন্তু অর্থ আর ক্ষমতার ভাগ এমনতরো পাচ্ছে না যা দিয়ে ভবিষ্যতের জীবিকার বন্দোবস্ত হয়ে যাবে। কাজেই ছাত্রত্ব শেষ হলেই কর্মসংস্থানের খোঁজে তাদের প্রতিযোগিতায় অবতীর্ণ হতেই হবে। কাজেই যতই দলীয় বাধ্যবাদকতা থাকুক,সেও কিন্তু কোটা সংস্কার আন্দোলনের নীরব সমর্থক। শুনেছি অনেকেই আবার দলীয় পদ ছেড়ে দিয়ে কোটা সংস্কার আন্দোলনে শরিকও হয়েছে ।
৭.
তাছাড়া এবারের আন্দোলন শুরু থেকেই ছিল গোছানো,অহিংস এবং শান্তিপূর্ণ। আজকের এই অরাজক পরিস্থিতিতে শিক্ষার্থীদের দায় সামান্যই। যদি বলি দায় সরকার পক্ষের উদাসীনতা, গোয়ার্তমি আর অহমিকা তাহলে একটুও বাড়িয়ে বলা হবে না।
তারওপর ছিল একজন মাননীয়’র দম্ভ আর অপরিণামর্শী সিদ্ধান্ত। ছিল দলীয় সুবিধাভোগী তথাকথিত হাইব্রিড নেতৃত্ব। একজন থানা আওয়ামী লীগের শীর্ষ নেতা চার লাখ টাকার চুক্তিতে ধ্বংসযঞ্জ চালানোর জন্য টোকাই নিয়োগ করার খবরও আমাদের শুনতে হচ্ছে। অবস্থা এমন যে সর্ষের মধ্যেই ভূত! সার্বিক দৃষ্টিতে বলা যায় সমস্যাটি এখন আর কোটা আন্দোলনের মধ্যে সীমিত নেই। হয়ে গেছে পুরোপুরি রাজনীতিক। ফলে আমলাতন্ত্র দিয়ে নয়,রাজনৈতিকভাবেই এর সমাধান খুঁজতে হবে।
দলীয় বা সরকারি — কোন বাহিনী দিয়েই আর আন্দোলনকারীদের দমানো যাবে না। এতগুলো নিরীহ প্রাণের সংহার, হাজার হাজার আহত মানুষের আত্মচিৎকারের দায় মাথায় নিয়ে সঠিক সমাধানে পৌঁছতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এমন কিছু তড়িৎ পদক্ষেপ নিতে হবে যাতে মানুষের আস্থা ফিরে। সত্যি বলতেই কি, মানুষ কিন্তু প্রচন্ড আস্থাহীনতায় ভুগছে। সাঈদের চাক্ষুষ ঘটনার যদি এমন এফআইআর রিপোর্ট হতে পারে তাহলে বাকি হত্যাকাণ্ডের ক্ষেত্রে কী হতে পারে তা বুঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার পড়ে না। কিংবা ডিবি কার্যালয়ে ছয় সমন্বয়কের সাথে যেসব ঘটনাগুলো ঘটেছে তা জনমানুষকে আরও ক্ষুব্ধ ও উত্তেজিত করেছে। এর বাইরে আছে আর্থিক ও সামাজিক নিরাপত্তার বিষয়টুকু। অর্থনীতিবিদদের মতে প্রচণ্ড আর্থিক সংকটে ভুগছে দেশ। এহেন পরিস্থিতিতে উন্নয়ন সহযোগীদের সাথেও যোগাযোগ, নির্ধারিত বৈঠক বাতিল হচ্ছে বা বাতিল করতে হচ্ছে । দেশীয় ষড়যন্ত্রের পাশাপাশি আছে বিদেশি মোড়লীপনা। কাজেই সবমিলিয়ে প্রয়োজন এখন দল-মত নির্বিশেষে, পরিচ্ছন্ন ভাবমূর্তির, শুদ্ধ ধারার রাজনীতিক,বুদ্ধিজীবিদের সমন্বয়ে জাতীয় ঐক্যমত গড়ে তুলে প্রয়োজনে জাতীয় সরকারের অধীনে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া এবং সেটি যত দ্রুত সম্ভব। যারা মনে করেন তৃতীয় শক্তি এলে সব ঠিক হয়ে যাবে — তারা বোকার স্বর্গে বাস করছেন। টানা ষোলো বছর ধরে পরিচালিত সরকার দেশের কোন অংশের ক্ষতে কী পরিমাণ মলম লাগিয়ে যত দ্রুত সারিয়ে তুলতে সক্ষম হবে সেটি যত জানে,নতুন কারোর পক্ষে সেটি মোটেও তত জানা সম্ভব নয়। কাজেই দেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে দায়িত্ব নিতে হবে পরিচ্ছন্ন রাজনীতিকদেরই। আমার ধারণা সর্বদলীয় সরকারই হতে পারে সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য সমাধান।
লেখক:
সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।
Posted ১০:১৮ পিএম | শনিবার, ০৩ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya