জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৪ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 11:11 pm
সাবেক খাদ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম বলেছেন, তাদের (বিএনপি) নেতা বিদেশে পলাতক তারেক রহমানকে সেই তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে শারীরিক নির্যাতন করেছিল, বিমানবন্দরে তাকে হুইলচেয়ারে যেতে হয়েছিল। তারা বেহায়ার মতো আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে! তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টই হত্যা করেছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নাই, এটি মৃত ইস্যু। যথাসময়ে নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনার অধিনে। এবং প্রধানমন্ত্রী বলেছেন, ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর হবে না। তত্ত্বাবধায়ক সরকারের জন্যে বিচারপতিদের মেয়াদ দুইবছর বাড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবে বলে। পরে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের গঠন হয়েছিল, তা আপনাদের মনে আছে। বার বার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বদল করা হয়েছিল। তিনটি অপশন না মেনে ইয়াজ উদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন। তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দুই বছর থেকেছে। তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিকে বিতারিত করতে চেয়েছিল। শেখ হাসিনাকে কারাগারে নেওয়া হয়েছিল, বেগম খালেদা জিয়া যে মামলায় আজ দন্ডপ্রাপ্ত সেই মামলা তাকে জেলে নিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কারাগারে নিয়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, এখন সরকারের সকল অর্জনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। আমরা যখন বলি স্মার্ট বাংলাদেশ, তখন তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। চারদিকে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের আস্থা দেশের জনগণের উপর। আর জামায়াত-বিএনপির আস্থা বিদেশিদের উপর। যারা ৭১ সালে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, ৭৪ সালে যারা ত্রাণের জাহাজ ফিরিয়ে নিয়ে গিয়েছিল, যাদের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুর হত্যাকারী করা হয়েছিল, সেই বিদেশি শক্তিকে সাথে নিয়ে তারা গভীর ষড়যন্ত্র লিপ্ত।
জেলা শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে আয়োজিত জনসভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন।
Posted ১১:১১ পিএম | শনিবার, ২৪ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya