অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 9:19 pm
সরাসরি ব্যক্তিগত আক্রমণ, অশ্রাব্য গালিগালাজ, অশালীন ব্যানার-পোস্টার। দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে দিন কয়েক আগে যে বিক্ষোভ হয়েছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। এ অবস্থায় এনডিএ শরিকদের পাশে পেলেন মোদি। প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন চন্দ্রবাবু নায়ডু-পবন কল্যাণরা।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরমে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনে গিয়েছিলেন। প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে অন্ধ্রপ্রদেশে নয়া এই বিমানবন্দরটি নির্মাণ করেছে জিএমআর গ্রুপ। ওই বিমানবন্দরের উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গেই উপস্থিত ছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। দু’জনেই প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। স্পষ্ট করে দেন, মোদির উপর যেমনই আক্রমণ আসুক, তাঁরা পাশেই থাকবেন।
অভিনেতা তথা জন সেনা পার্টির প্রধান পবন কল্যাণ বলে দেন, “হনুমানজির মতোই নিষ্ঠার সঙ্গে দেশসেবা করছেন প্রধানমন্ত্রী। যেভাবে তাঁকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, যে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাতে আমার চোখে জল চলে এসেছে। আজ আমরা এত বিদেশি বিনিয়োগ পাচ্ছি, আমাদের দেশ অন্য সব দেশের চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। নরেন্দ্র মোদিকে বাইরের শক্তির বিরুদ্ধেও লড়তে হচ্ছে আবার দেশের অন্দরের শত্রুর বিরুদ্ধেও লড়তে হচ্ছে। আমাদের উচিত প্রধানমন্ত্রীকে সম্মান করা। তাঁকে বাজে কথা বলা মানে সেই কথাগুলো আমাদের বলা।”
প্রধানমন্ত্রীর প্রশংসায় সুর আরও চড়িয়ে পবন বলেন, “আমি দেখছিলাম কীভাবে তিনি তাঁদেরও ক্ষমা করে দিচ্ছেন, যারা তাঁকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন। এটাই তাঁর মহানতার প্রমাণ। প্রধানমন্ত্রীর কাছে এই দেশের সেবা আসলে রামকর্মের মতো পবিত্র। যেভাবে হনুমান হাজার বাধা সত্ত্বেও সোনার লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন শুধু রামচন্দ্রের জন্য। মোদিজিও তেমন। আমাদের কর্তব্য হল, ছেলেমেয়েকে এমন ভাবে শিক্ষিত করা যাতে তাঁরা এই দেশের সব সম্পদের সম্মান ও সঠিক ব্যবহার করতে পারে।” কার্যত একই সুরে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন চন্দ্রবাবু নায়ডুও।
সূত্র: সংবাদ প্রতিদিন
Posted ৭:৩৩ পিএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya