সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:13 pm
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
একুশের প্রথম প্রহরে জেদ্দা বাংলাদেশি অধ্যুষিত নাজলা কনস্যুলেট জেনারেল কার্যালয়ে অস্থায়ী শহীদ মিনারে কনস্যুলেট জেনারেল ফয়সাল আহাম্মদের জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো শুরু হয়।
পরে একে একে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ভোরের আলো ফোটার পরপরই অনুষ্ঠানে ৩০টির বেশি সংগঠনের সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এর আগে কনস্যুলেট কর্মকর্তাবৃন্দ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন।
এ সময় কনসাল জেনারেল তার বক্তব্যে বাঙালি জাতির বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অনবদ্য অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।
কনসাল জেনারেল বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলায় বক্তৃতা দিয়ে প্রথমবারের মতো বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেন।
পরে কনসাল জেনারেল বাংলাদেশের বাইরে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিহাস-সংস্কৃতি পালন ও চর্চা করার জন্য উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চল,জেদ্দা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, কৃষক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, আওয়ামী ফাউন্ডেশন, তাইফ জেলা আওয়ামী লীগ, বৃহত্তর ফরিদপুর সমিতি, নোয়াখালীর সমিতিসহ ৩০টি সংগঠন অস্থায়ী শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানায়।
Posted ১১:১৩ পিএম | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya