শিরোনাম

জি-মেইলের সুরক্ষায় নতুন ফিচার আনল গুগল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:০৪ অপরাহ্ণ

জি-মেইলের সুরক্ষায় নতুন ফিচার আনল গুগল

ডিজিটাল যুগে তথ্যই এখন সবচেয়ে মূল্যবান সম্পদ। যার ওপর ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রের নিরাপত্তা নির্ভর করে। প্রযুক্তির এসময়ে তথ্য শুধু জ্ঞান নয়, শক্তি ও সম্পদের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। আর এ মূল্যবান তথ্য দখল করতে প্রতিনিয়তই সক্রিয় হচ্ছে সাইবার অপরাধীরা।
অনেক সময় ব্যবহারকারীদের অজান্তেই তাদের ব্যক্তিগত ই-মেইল, ছবি বা বার্তা হ্যাকারদের হাতে চলে যায়। অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতনতার অভাব এবং দুর্বল সুরক্ষা ব্যবস্থার সুযোগ নিয়েই এসব ঘটনা ঘটে থাকে। ফলে দিন দিন ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ছে, আর ব্যবহারকারীরা পড়ছেন নানা ধরনের নিরাপত্তা হুমকির মুখে।
এমন পরিস্থিতিতে অনেকেই হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মকে তুলনামূলক নিরাপদ বলে মনে করে থাকেন। কারণ, এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সেখানে আদান-প্রদান হওয়া বার্তা বা কল কেবল প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যা তৃতীয় কোনো পক্ষের জন্য তা দেখা বা শোনা সহজ নয়।
এবার একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসেছে জি-মেইল। গুগলের নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ই-মেইল আরো সুরক্ষিত থাকবে, ফলে তৃতীয় পক্ষ তো দূরের কথা, গুগল নিজেও সেই মেইলের কনটেন্ট দেখতে পারবে না।
যেভাবে কাজ করে ফিচারটি
ই-মেইল পাঠানোর সময় সাধারণত বার্তাটি গুগলের সার্ভারের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়। তবে নতুন এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় মেইলটি এমনভাবে এনক্রিপ্ট করা হয়, যাতে এটি সার্ভারে পৌঁছালেও পড়ার উপযোগী থাকে না বরং তা কেবল একটি কোডে রূপান্তরিত হয়ে যায়।
এ সুবিধাটি গুগলের ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এর ফলে বার্তাটি কেবল প্রেরক ও নির্ধারিত প্রাপকই পড়তে পারেন। তবে এ ফিচারটি এখনই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। ব্যক্তিগত জি-মেইল অ্যাকাউন্টে এটি এখনো চালু হয়নি। মূলত কর্পোরেট বা বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরাই বর্তমানে এ সুবিধা পাচ্ছেন।
যেভাবে চালু করবেন
ফিচারটি ব্যবহার করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর কাছে গুগল ওয়ার্কস্পেস এন্টারপ্রাইজ প্লাস লাইসেন্স থাকতে হবে এবং অ্যাশিওর কন্ট্রোলস বা অ্যাশিওর কন্ট্রোলস প্লাস অ্যাড-অন সক্রিয় থাকতে হবে। পাশাপাশি গুগল অ্যাডমিন কনসোল থেকে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। সব ধাপ সম্পন্ন হলে মেইল লেখার সময় একটি ‘লক’ আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করে অতিরিক্ত এনক্রিপশন চালু করলে ই-মেইলটি সম্পূর্ণভাবে সুরক্ষিত বা ‘লকড’ হবে।

Facebook Comments Box

Posted ৯:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

dainiksarod |