শিরোনাম

চলে গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৬ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 9:36 pm

চলে গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ

টেলি সামাদ ঢালিউড চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা। ১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে আগমন হয়। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে এ গুণী কমেডিয়ান অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার কন্যা সোহেলা সামাদ কাকলী।

টেলি সামাদ দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন। সম্প্রতি শরীর বেশি খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে ২০১৭ সালে তার যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয়। এছাড়া গত বছরের ২০ অক্টোবর তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতেও জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল।

সর্বশেষ গেল বছরের ৪ ডিসেম্বর অসুস্থ হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল টেলি সামাদকে। তখন ডাক্তার বলেছিলেন, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে। শুধু তাই নয়, তার বুকে ইনফেকশন ছিল, ডায়াবেটিস ছিল। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো বলে জানিয়েছেন চিকিৎসক।

সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়া পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন চলচ্চিত্রের এক সময়কার দাপুটে অভিনেতা। সেজন্য তাকে গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। সে যাত্রাতেও সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।

কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে আবারও অসুস্থ হয়ে পড়েন টেলি সামাদ। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জীবনের অবসান ঘটে তার।

জনপ্রিয় এই কৌতুক অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্রসহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে চলচ্চিত্রে পা রাখলেও তিনি দর্শকের কাছে পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবির মাধ্যমে। তবে তিনি দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো ‘পায়ে চলার পথ’।

২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় ‘জিরো ডিগ্রী’।
টেলিসামাদ এক সময় বাংলা চলচ্চিত্রে রবিউল, খান জয়নুল, আশীষ কুমার লৌহ, আনিস, লালু, হাসমতের মতো গুণী কৌতুক অভিনেতাদের সাথে অভিনয় করেছেন।

সংগীতেও টেলি সামাদের পারদর্শিতা ছিল। ‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। অভিনয়ের বাইরে ৫০টির বেশি চলচ্চিত্রে তিনি গানও গেয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | শনিবার, ০৬ এপ্রিল ২০১৯

The Daily Sarod |