ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:18 pm
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ তুলনামূলক কমে আসায় চলতি ফেব্রুয়ারি মাসের ২১ তারিখের পর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী জাহিদ মালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সাধারণত শিক্ষা মন্ত্রণালয় ও সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। তারা আমাদের কাছে কোনো পরামর্শ চাইলে আমরা তা দিয়ে থাকি।
তিনি বলেন, চলতি মাসের ২১ তারিখের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন। তবে আমাদের পরামর্শ থাকবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। আর স্কুল-কলেজের যে শিক্ষার্থীরা এখনো টিকা নেয়নি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিয়ে নেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। কাজেই আমাদের সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি এখন অনেকটাই কমে গেছে। এরপরও আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাইরে গেলেই মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। সামাজিক আচার-অনুষ্ঠান সীমিতভাবে করার জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। করোনা সংক্রমণ কমে আসছে এবং একই সঙ্গে টিকার আওতায় এসেছে বেশিরভাগ শিক্ষার্থী। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। সারাবিশ্বেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।
এ সময় মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সূত্র: ইত্তেফাক
Posted ৮:১৮ পিএম | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya