নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 9:28 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ রাসেল মিয়া প্রকাশ মাহিন (২০) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকা থেকে র্যাব-৯ এর অভিযানে তাকে আটক করে। আটক রাসেল মিয়া উপজেলার বিশারা বাড়ি এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে। এসময় মো. তানভীর নামে আরও এক মাদক চোরাকারবারি পালিয়ে যায়।
শুক্রবার রাত সাড়ে ১০টায় র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ মাহফুজার রহমান জানান, কসবা উপজেলার কায়েমপুর ইউপির চকবস্তা এলাকায় রেল লাইনের পূর্ব পাশে ফোরকান মিয়া নামের এক ব্যক্তির বাড়ির পরিত্যাক্ত দো-চালা টিনসেড ঘরের ভিতর কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিল। সেখানে অভিযান চালিয়ে রাসেল মিয়া নামে একজনকে আটক করা হয় এবং অপর একজন দৌড়ে পালিয়ে যায়। আটক রাসেলকে জিজ্ঞাসাবাদে সে জানায় স্থানীয় তেতিয়া গ্রামের মো. তানভীর নামে একজন মাদক ব্যবসায়ী তার সাথে ছিল। রাসেলের দেওয়া তথ্য অনুযায়ী টিনশেড ঘরের ভিতরে খাটের নিচে মাটির গর্তের ভিতর থেকে বিশেষ কৌশলে পাটের ভিতরে রাখা ৮টি পাটের বস্তার ভিতর হতে ২৪টি বান্ডিলে ২৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পলাতক তানভীরকে আটক করতে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৯:২৮ এএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya