গ্যাসের চাপজনিত সমস্যায় বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী। এর ফলে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত উৎপাদন কমেছে গ্যাসভিত্তিক কারখানাগুলোতে। এতে বাড়ছে লোকসান। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও প্রায় ৩ মাস সময় লাগবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীতে বর্তমানে বিভিন্ন পণ্যের ৬৮টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ২৪টি কারখানায় গ্যাসে উৎপাদন চলে। তবে গত এক মাস ধরে গ্যাসের চাপ কম থাকায় কারখানাগুলোতে উৎপাদন কমেছে প্রায় ৫০ শতাংশ। এতে করে লোকসানে পড়তে হচ্ছে কারখানা মালিকদের।
কয়েকজন কারখানা মালিক জানান, পুরোদমে উৎপাদন চালু রাখতে ১৫ পিএসআই চাপে গ্যাসের প্রয়োজন হয়। তবে বর্তমানে ৩-৫ পিএসাই চাপে গ্যাস পাচ্ছে কারখানাগুলো। এতে করে পুরোদমে উৎপাদন চালু রাখা যাচ্ছে না। ফলে লোকসান গুণতে হচ্ছে কারখানা মালিকদের। এছাড়া উৎপাদন কমায় আয় কমেছে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক জানান, গ্যাসের চাপজনিত সমস্যা সমাধানে আরও দুই-তিন মাস সময় লাগবে। এছাড়া বিসিক শিল্পনগরী এবং ফিলিং স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য আলাদা পাইপলাইন স্থাপনের চেষ্টা চলছে।