ইরান যুদ্ধ: চুক্তির অগ্রগতি নিয়ে ট্রাম্পের আভাস, নেতানিয়াহুর উদ্বেগ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৪ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:৩০ অপরাহ্ণ

ইরান যুদ্ধ: চুক্তির অগ্রগতি নিয়ে ট্রাম্পের আভাস, নেতানিয়াহুর উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার তার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি ‘অনেকটাই চূড়ান্ত’ হয়ে এসেছে৷ খসড়া চুক্তিতে হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়টিও রয়েছে বলে জানান তিনি৷
ট্রাম্প আরো জানিয়েছেন, তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, বাহরাইন, তুরস্ক ও পাকিস্তানের নেতাদের সঙ্গে এই বিষয়ে আলাপ করেছেন৷ পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন৷ চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, খুব দ্রুতই তা ঘোষণা করা হবে৷
এদিকে ট্রাম্পের এই বার্তার পর রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তেহরানের প্রতিক্রিয়ায় বলা হয়েছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান৷ সেই সঙ্গে চুক্তি নিয়ে ট্রাম্পের তথ্য ‘অসম্পূর্ণ ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলেও উল্লেখ করা হয়েছে৷
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস খসড়া চুক্তিতে কী আছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে বলা হয়েছে যুদ্ধবিরতি ৬০ দিন বর্ধিত করা হবে৷ ইরান কোনো টোল ছাড়া হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে৷ যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ এবং ইরানকে তেল বিক্রি সুযোগ দিয়ে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে৷ ইরান প্রতিশ্রুতি দেবে যে তারা কখনও পরমাণু অস্ত্র পাওয়ার চেষ্টা করবে না৷ চূড়ান্ত চুক্তির আগ পর্যন্ত মার্কিন সেনারা এই অঞ্চলে অবস্থান করবে৷ খসড়া সমঝোতায় ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধের আহ্বানও রয়েছে৷
এই প্রতিবেদনের সূত্র ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম কান৷ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত ৬০ দিনের জন্য পিছিয়ে দেওয়ার বিষয়ে নেতানিয়াহু উদ্বেগ প্রকাশ করেছেন৷ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে সামরিক অভিযান পুনরায় শুরু করার পক্ষে অবস্থান রয়েছে নেতানিয়াহুর৷ সেই সঙ্গে লেবানন প্রসঙ্গ খসড়ায় অন্তর্ভুক্ত করা নিয়েও ইসরায়েলের উদ্বেগ রয়েছে৷
সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, (সম্ভাব্য ইরান চুক্তি নিয়ে) নেতানিয়াহু তা-ই করবেন যা তিনি (ট্রাম্প) চান৷

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ৭:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

dainiksarod |