ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নাদিয়া পাঠান পাপন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা নাখলু আক্তারের মেয়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রীর মেয়েকে বিএনপির মনোনয়ন দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তার মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। মা-মেয়ের রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও দুইজনের মধ্যে কখনো মতনৈক্য তৈরি হয়নি। জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিলেন নাদিয়া।
সোমবার (২০ এপ্রিল) নাদিয়াকে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার পর বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সহ-সভাপতি, বিজয়নগর মহিল আওয়ামী লীগের সভাপতি, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ছিল। কিন্তু ওনার মেয়ে নাদিয়া পাঠান পাপন বর্তমানে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হয়েছে!’
বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে নাদিয়া পাঠান পাপনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
তবে নাদিয়ার মা সৈয়দা নাখলু আক্তার সাংবাদিকদের জানান, তিনি অনেক আগেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিয়েছেন। তার মেয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করতো। মেয়ে এমপি হলে মায়ের যে অনুভূতি হওয়ার কথা সেটাই তার হচ্ছে বলে জানান তিনি।