নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 1:15 pm
গ্যাস সংকটে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহসহ আধুনিকায়নের মাধ্যমে সচল করা এবং কারখানাটির পূর্বনাম জিয়া সার কারখানা নামকরণ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দরাও কর্মসূচিতে অংশ নেন।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূঁইয়া, এনসিপি নেত্রী জয়ন্তি বিশ্বাস, আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালের পর থেকে একটি কুচক্রি মহল দেশীয় সার কারখানা বন্ধ রেখে সার আমদানি বাণিজ্যে লিপ্ত হয়। এর ফলে দীর্ঘদিন বন্ধ থেকে সার কারখানাগুলো যান্ত্রিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের পহেলা মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকার ফলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই দ্রুত সার কারখানায় গ্যাস সরবরাহ শুরুসহ আধুনিকায়নের মাধ্যমে কারখানটি সচল করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা। পাশাপাশি আশুগঞ্জ সার কারখানার পূর্বনাম জিয়া সার কারখানা করার দাবি জানান তারা।
পরে মানববন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Posted ১:১৫ পিএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya