আখাউড়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে দিলেন স্বামী!

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:১৬ অপরাহ্ণ

আখাউড়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে দিলেন স্বামী!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে মারপিট করে তার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার (০৫ মে) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর নাম মীম আক্তার একই ইউনিয়নের আজমপুর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী দিনু মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ বছর আগে রামধননগর গ্রামের বাসিন্দা ইসহাক মিয়ার ছেলে দিনু মিয়ার সঙ্গে আজমপুর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে মীম আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। দিনু তার ব্যবসার জন্য মীমের পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন। কিন্তু মীম টাকা না এনে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন দিনু। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গাল ও হাতে আঘাত করে মাথার চুল কেটে দেন বলে অভিযোগ করেন মীম। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মীমের ছোট ভাই জিহাদ ইসলাম জানান, যৌতুকের জন্য বিভিন্ন সময় মীমের ওপর নির্যাতন করত দিনু। এর আগেও ৬ লাখ টাকা নিয়েছে সে। সম্প্রতি সেলুন দেয়ার জন্য ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দেয়ায় আজ সকালে মীমকে মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দিনু মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাতেই মামলা নথিভুক্ত করা হবে। অভিযুক্ত দিনুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

dainiksarod |