ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ০৩ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 1:15 pm
হৃদরোগে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৬৭ )।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওবায়দুল কাদেরের হার্টের চারটি চেম্বারই ব্লক। তবে একটিতে আমেরিকান সেনারজি কোম্পানির একটি রিং আপাতত পরানো হয়েছে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস চলছে। ওপেন হার্ট সার্জারির বিষয়ে মেডিকেল বোর্ড বসেছে।
এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু জানান, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এরপর তার এনজিওগ্রাম করা হয়।
Posted ১:১৫ পিএম | রবিবার, ০৩ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya