স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:16 pm
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, পুরাতন মোবাইল সেট, ল্যাপটপসহ অন্যান্য পণ্য উদ্ধার হয়েছে। এ সময় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকেই পাওয়া যায় ৩৯টি মোবাইল ফোন সেট।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটের মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (৩৮), বিজয়নগরের বিষ্ণুপুরের রুবি আলমগীর (৩৩), মো. সামি ভূইয়া (১৬), মো. সিয়াম ভূইয়া (১৪) ও মো. সানি ভূইয়া (২৪)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর ও বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী পৌর এলাকার গোর্কণঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ক্ষুর, দু’টি ল্যাপটপ, চারটি ট্যাব, ১৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট, ২২টি বাটন মোবাইল ফোন সেট, চারটি পাসপোর্ট ও নগদ প্রায় দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
এদিকে বুধবার রাত আড়াইটার দিকে যৌথবাহিনী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের ভূইয়া বাড়িতে (ভূইয়া ফার্ম হাউস) অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী রুবি আলমগীর তার ছেলে সামি ভূঁইয়া, সিয়াম ভূইয়া ও সানি ভূইয়াকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২০টি দেশীয় অস্ত্র (কুড়াল, চাপাতি, রামদা, ছুরি, হাতুড়ি), ৫২৫ বোতল ফেন্সিডিল, ৭৪৫ বোতল স্কাফ সিরাপ, ৬০০ গ্রাম গাঁজা, নগদ ৯৯ হাজার ১০০ টাকা, দুই হাজার ২৯০ ইন্ডিয়ান রুপি, ৩০ কাতার রিয়াল, দু’টি পাসপোর্ট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট, একটি বাটন মোবাইল ফোন সেট ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
Posted ১০:১৬ পিএম | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya