স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 12:01 am
ব্রাহ্মণবাড়িয়ার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার (ডিসি) আবু হানিফ মো. আব্দুল আহাদকে অপসারণের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বুধবার (২৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে তারা।
এর আগে, এই কর্মকর্তার বিরুদ্ধে মঙ্গলবার (২৫ জুন) ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে এক রেস্টুরেন্ট ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তেরর নির্দেশ দিয়েছেন। বাদী রাশেদুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলিস্থ হোটেল নোওমীর স্বত্বাধিকারী।
মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কাস্টমস কর্মকর্তা আবু হানিফ মো. আব্দুল আহাদ ৫ লাখ টাকা চাঁদা প্রদানের জন্য বাদী রাশেদুল হককে চাপ দিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে গত ১২ জুন রাশেদুলকে নিজের অফিসে ডেকে পাঠান আহাদ। পরবর্তীতে রাশেদুল তার রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. নুরুল আমিনকে আহাদের অফিসে পাঠান। এ সময় কাস্টমস কর্মকর্তা আহাদ দ্রুত সময়ের মধ্যে ৫ লাখ টাকা চাঁদা না দিলে মামলা দিয়ে ব্যবসা বন্ধ করে দেবেন বলে জানান রেস্টুরেন্ট ব্যবস্থাপককে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, সোমবার (২৪ জুন) রাত পৌনে ১২টায় কাস্টমস কর্মকর্তা আহাদসহ আরও কয়েকজন রেস্টুরেন্টে গিয়ে তাকে খুঁজতে থাকেন। পরে রাশেদুল আসার পর তাকে ভয়-ভীতি দেখিয়ে আবারও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আহাদ। কিন্তু টাকা না দেওয়ায় আহাদ তার সঙ্গে থাকা লোকজন নিয়ে জোরপূর্বক রেস্টুরেন্ট বন্ধ করে দেন। ২৫ জুন মঙ্গলবার আখাউড়ায় ইন্দো-বাংলা নামের একটি প্রতিষ্ঠানের নিলাম করা প্রায় দেড় কোটি পণ্য কোন কারণ ছাড়া তিনি জব্দ করে নিয়ে আসেন। শুধু এসব ঘটনাই নয়, কাস্টমস কর্মকর্তা আহাদ প্রতিটি রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, জোতার কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভ্যাটের নামে রাত-বিরাতে চাঁদা আদায় করেন। আমরা এসব ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক ফখরুল হাসান, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আরিফুল হক মাসুদ, আব্দুল মালেক, সড়ক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশীষ পাল, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তসহ ব্যবসায়ী নেতারা।
এসব অভিযোগের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার (ডিসি) আবু হানিফ মো. আব্দুল আহাদ বলেন, রাতের বেলায় মূসক ফাঁকি দিয়ে ব্যবসা করলে আমি সেই ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন করতে পারবো। গত বছরের তুলনায় এবছর রাজস্ব আদায় ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিগুণ হয়েছে। তা এমনিতেই আদায় হয়নি। মূসক আইন অনুযায়ী উনারা প্রদান করেন না, উল্টো বলছেন কি করতে পারেন দেখি। উনাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি, তাই ক্ষুব্ধ হয়েছে। উনাদের সকল অভিযোগ মিথ্যা।
Posted ১২:০১ এএম | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya